মাগুরায় পুলিশের বিরুদ্ধে ধর্ষণ মামলা না নেওয়ার অভিযোগ
মাগুরা নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করতে মহম্মদপুর থানাকে আদেশ দিয়েছে।
মাগুরায় কিশোরীকে দলবেঁধে ধর্ষণের মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরে তিনজনের নামে আদালতে মামলা হয়েছে।
সোমবার বিকেলে মাগুরার নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয় বলে আদালতের আইনজীবী আব্দুর রশিদ জানান।
মামলায় কিশোরীর বাবা অভিযোগ করেন, উপজেলার কালুখান্দী গ্রামের ইমারত মোল্লার ছেলে গোলাম রব্বানী (৪২), আমজাদ মোল্লার ছেলে আছাদ (৩৫) ও বাকি মোল্লার ছেলে আলমগীর (২৭) দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করছিলেন। রোববার রাতে তার মেয়ে বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে গেলে ওই তিনজন তাকে অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে তারা তাকে স্থানীয় ইটভাটায় নিয়ে ধর্ষণ করেন। পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করান।
ওই দিন সকালে তিনি মহম্মদপুর থানায় মামলা করতে গেলে পুলিশ টালবাহানা করে বলে এই বাবার অভিযোগ।
অভিযোগ বিষয়ে মহম্মদপুর থানার ওসি আশরাফুল ইসলাম সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি।
ওসি বলেন, “এ ধরনের কোনো অভিযোগ থানায় দিতে এসে ফিরে যাওয়ার কথা আমার জানা নেই। তবু আদালতে যদি এ ধরনের কোনো অভিযোগ দায়ের হয়ে থাকে তাহলে আদালতের নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।”
তবে আদালত ইতোমধ্যেই আদেশ জারি করেছে বলে আইনজীবী আব্দুর রশিদ জানিয়েছেন।
তিনি বলেন, মাগুরার নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রণয় কুমার দাশ অভিযোগ আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করার জন্য মহম্মদপুর থানাকে আদেশ দিয়েছেন।
