কুমিল্লায় ঘরের ওপর গাছ, সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু
এ সময় তারা ঘুমিয়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে কুমিল্লার নাঙ্গলকোটে ঘরের ওপর গাছ উপড়ে পড়ে চার বছরের শিশুসহ এক দম্পতি প্রাণ হারিয়েছে।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হেসাখাল পশ্চিম পাড়া গ্রামের নিজাম উদ্দিন, তার স্ত্রী শারমিন আক্তার সাথী ও তাদের মেয়ে চার বছরের নুসরাত আক্তার লিজা।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহবুব জানান, “রাত ১১টার দিকে খবর পেয়েছি গাছ পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের লোকজন ও পুলিশ আছে। উদ্ধার কার্যক্রম চলছে।
বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।”হেসাখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইকবাল বাহার বলেন, “রাতে ঝড়ো বাতাসে তাদের ঘরের ওপর বড় একটি গাছ উপড়ে পড়ে। এতে ওই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনায় সময় তারা ঘুমিয়ে পড়েছিলেন বলে জেনেছি।”
নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, “তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের ওপর পড়া গাছটি সরানোর চেষ্টা করছি আমরা। সেখানে আরও কেউ চাপা পড়েছে কি-না তা দেখছি।”
