২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জামালপুরে আওয়ামী লীগের সভায় এমপিকে লাঞ্ছিতের অভিযোগ

হোসনে আরার অভিযোগ সঠিক নয় বলে দাবি ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের।

জামালপুরে আওয়ামী লীগের সভায় এমপিকে লাঞ্ছিতের অভিযোগ

ইসলামপুর পৌর এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য হোসনে আরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2023, 10:23 AM

Updated : 18 Aug 2023, 10:23 AM

জামালপুরে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের উপস্থিতিতে জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন তাকে লাঞ্চিত করেছেন বলে অভিযোগ করেছেন হোসনে আরা।

‘১৭ আগস্ট নৃশংস, ঘৃণিত বর্বরোচিত সিরিজ বোমা হামলা দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছিল। 

পরে রাত ১০টায় ইসলামপুর পৌর এলাকায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সংসদ সদস্য হোসনে আরা জানান, সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলালের উদ্দেশ্যে তিনি দলীয় কর্মসূচিতে তাকে কেন দাওয়াত দেওয়া হয় না- জানতে চাইলেই আনোয়ার হোসেন তেড়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে তার গায়ে হাত তুলেন।

Image

সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হোসনে আরার উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বলেন, “তোকে দাওয়াত দিতে হবে কেন?” এ সময় আনোয়ার হোসেনকে নিবৃত না করে টেবিল চাপড়িয়ে ও ধমক দিয়ে হোসনে আরাকেই চুপ থাকতে বলেন ধর্মপ্রতিমন্ত্রী। 

পরে তিনি আওয়ামী লীগ অফিস ত্যাগ করেন বলে জানান নারী সংসদ সদস্য। 

হোসনে আরা সাংবাদিকদের বলেন, “আমি জামালপুর-শেরপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য। আমার নিজ এলাকা ইসলামপুরে দলীয় প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়া হয় না। আমি তো সংসদ সদস্য নয়, দলীয় কর্মী হিসেবেও দাওয়াত পাওয়ার অধিকার রাখি।

“দলীয় সভায় এসব কথা বলতে গেলে অকথ্য ভাষায় গালি-গালাজের পর আমার গায়ে হাত তুলেছে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন।” 

তিনি আরও অভিযোগ করেন, “এর আগেও সে আমার উপর হামলা করেছিল। সে সময় ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলেও থানা তা নেয়নি।” 

দলীয় অফিসে লাঞ্ছিতের ঘটনায় তিনি জেলা আওয়ামী লীগ বরাবরে লিখিতভাবে অভিযোগ করবেন বলেও জানান সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য।

Image

জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা।

তবে এসব অভিযোগ ‘সঠিক নয়’ দাবি করে আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, “মহিলা এমপি হোসনে আরাকে আমি অকথ্য ভাষায় গালিগালাজ ও গায়ে হাত তুলিনি।” 

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন, “তিনি একজন সংসদ সদস্য।  তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকলে দাওয়াত দিতে হবে কেন? 

“তিনি বরাবরই আমার বিরুদ্ধে এসব অসাংগঠনিক অযৌক্তিক অভিযোগ তুলেন। আজকেও তাই ঘটেছে। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও গায়ে হাত কেউ তুলেনি। তার এসব অভিযোগ সঠিক নয়।” 

এদিকে দলীয় কার্যালয়ে সংসদ সদস্য লাঞ্ছিতের ঘটনায় ইসলামপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।