গাজীপুরে ‘স্ত্রীকে’ হত্যার অভিযোগ
১০-১২ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে দুইজন বাসা ভাড়া নেন।
গাজীপুরে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার পর তার ‘স্বামী’ পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত রিনা খাতুন (৩৭) সিরাজগঞ্জের শাহজাদপুর থানার আন্দারকোঠা গ্রামের গেদু শেখের মেয়ে। গাজীপুর সিটির কোনাবাড়ি কুদ্দুসনগর এলাকায় ‘স্বামীর’ সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।
কোনাবাড়ি থানার এসআই মো. লুৎফর রহমান জানান, ১০-১২ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে দিয়ে ওই এলাকার জয়নাল খানের বাড়িতে বাসা ভাড়া নেন তারা। শনিবার বেলা পৌনে ২টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মোবাইল ফোনে বাড়ির মালিককে জানান, রিনার রুমের ভেতর লাশ আছে। বাড়ির মালিক রুমের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তালা ভেঙ গলায় ওড়না পেঁচানো মরদেহ পড়ে থাকতে দেখে।
“ধারণা করা হচ্ছে তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা হত্যা করা হয়েছে। রিনার স্বামী বলে পরিচয় দেওয়া ব্যক্তি পলাতক রয়েছেন।”
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান এসআই লুৎফর।
