গোপালগঞ্জে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ৪ ভারতীয় আহত
আহত ভারতীয়রা কীর্ত্তন শোনাতে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।
গোপালগঞ্জে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ৪ ভারতীয় নাগরিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে বলে কাশীয়ানির ইউএনও জানিয়েছেন।
রাজশাহী ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ভারতীয় নাগরিকবাহী মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
আহতরা হলেন, ভারতের হাওড়া জেলার বাগনান থানার ধরামান্না গ্রামের বিকাশ বাগের স্ত্রী নমিতা বাগ (৩৫), চব্বিশ পরগণা জেলার গাইযাটা থানার জলেশ্বর কোলনী গ্রামের ঈশ্বর দাসের ছেলে নিতাই দাস (৪৫), তারাপদ সরকারের ছেলে অনিমেশ সরকার, উত্তর চব্বিশ পরগণা জেলার বশিরহাট থানার কানাপাতা গ্রামের হারুন রায়ের ছেলে তুষার রায় (৪০)।
তারা কীর্ত্তন দলের সদস্য। ওই দলের সদস্যরা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে বৃহস্পতিবার বাংলাদেশে আসে।
তারা মাইক্রোবাসে করে ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে কীর্ত্তন পরিবেশনের জন্য যাচ্ছিলেন বলে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানিয়েছেন।
তিনি বলেন, “সেখানে যাবার পথে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে আসে।”
