২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সহকর্মীর টর্চলাইটের আঘাতে নৈশপ্রহরীর মৃত্যু

সিসিটিভির ফুটেজে পাহারা শেষে বাড়ি ফেরার সময় দুই প্রহরীকে তর্কের পর হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2022, 04:36 PM

Updated : 23 Nov 2022, 04:36 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তর্কের জেরে সহকর্মীর টর্চলাইটের আঘাতে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে৷

বুধবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার উচিৎপুরা বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার।

নিহত হোসেন আলী বিজয়নগর দড়িগাও গ্রামের আব্দুল হাসিমের ছেলে৷ ষাটোর্ধ্ব এই বৃদ্ধ উচিৎপুরা বাজারে নৈশ প্রহরীর কাজ করতেন৷

তাকে আঘাত করা অপর নৈশপ্রহরী হোসেন (৫৫) ঘটনার পর থেকে পলাতক বলে জানিয়েছে পুলিশ৷ তিনি আগুয়াদী গ্রামের আব্দুর গণির ছেলে৷

সিসিটিভিতে ঘটনার প্রেক্ষাপট দেখেছেন জানিয়ে উচিৎপুরা বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ইসমাইল বলেন, “বাজারে চারজন নৈশপ্রহরী দায়িত্বে থাকেন৷ পাহারা শেষে দুই প্রহরী বাড়ি ফেরার সময় তর্কে জড়ান৷ এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে একজনের হাতে থাকা টর্চলাইটের আঘাতে অপরজন মাটিতে লুটিয়ে পড়েন৷”

চেয়ারম্যান বলেন, অপর দুই সহকর্মী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ এদিকে আঘাত করা হোসেন পালিয়ে যায়৷

পরে পুলিশে খবর দেন স্থানীয়রা৷

নিহতের ভগ্নিপতি লায়েছ মিয়া বলেন, “সকালে খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ দেখতে পাই৷ রাতে কী নিয়ে দুইজনের মধ্যে তর্ক হয়েছে তা জানি না৷ আমরা মামলা করবো, এই খুনের বিচার চাই৷”

ওসি আজিজুল বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷ পলাতককে আটকের চেষ্টা চলছে।”