২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমা ভাঙচুর: আতঙ্কিত ধনতলার হিন্দুদের প্রশ্ন, এর পর কী

এখানে হিন্দু-মুসলমান পাশাপাশি যুগের পর যুগ ধরে বসবাস করে আসছে।

প্রতিমা ভাঙচুর: আতঙ্কিত ধনতলার হিন্দুদের প্রশ্ন, এর পর কী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তিনটি ইউনিয়নের ১৪টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।  

মো. শাকিল আহমেদ

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2023, 09:38 PM

Updated : 06 Feb 2023, 11:26 AM

এক রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তিনটি ইউনিয়নের ১৪টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় এলাকায় ভয় আর আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।  

ধনতলা ইউনিয়নে জীবদ্দশায় এর আগে কখনও কেউ এ ধরনের ‘ভয়ানক তাণ্ডব’ দেখেননি, এমনটা হতে পারে এটা তাদের ‘কল্পনারও অতীত’ ছিল জানিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে এর পর কী?

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত এই ১৪ মন্দিরে প্রতিমা ভাঙচুরের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও জেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে  তাদের সব ধরনের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিষয়টি তার কাছে উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়েছে। শান্তিপূর্ণ পরিস্থিতি প্রশ্নবিদ্ধ করার জন্যই পরিকল্পিতভাবে এ ঘটনাটি ঘটানো হয়েছে।

যে তিনটি ইউনিয়নে লাগাতার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে তার মধ্যে ধনতলা ইউনিয়ন তুলনামূলকভাবে সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত। এই ইউনিয়নেই সবচেয়ে বেশি মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

এখানে হিন্দু-মুসলমান পাশাপাশি যুগের পর যুগ ধরে বসবাস করে আসছে। কখনও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বড় ধরনের ঘটনা ঘটেছে এটা মনে করতে পারেননি এলাকার কেউ।

কিন্তু বুধবার ভোর রাত থেকে যখন একের পর এক মন্দিরের প্রতিমা ভাঙচুরের খবর আসতে থাকে তখন সবাই অবাক হয়ে যান। নারী-পুরুষ ছুটে আসেন বাড়ির পাশের মন্দিরের কাছে। মন্দিরে এসে জানতে পারেন, পাশের মন্দিরেও প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যানাথ বর্মণ জানান, ধনতলা ইউনিয়নে নয়টি, চাড়োল ইউনিয়নে একটি এবং পাড়িয়া ইউনিয়নে চারটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

প্রতিমাগুলোর হাত-পা, মাথা ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে ফেলেছে। আবার কিছু প্রতিমা ভেঙে পুকুরের পানিতে ফেলে রেখেছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ধনতলা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পঞ্চাশোর্ধ্ব যতীন্দ্রনাথ সিংহ বলছিলেন, “সিন্দুরপিণ্ডি থেকে কামারপাড়া পর্যন্ত বিভিন্ন মন্দিরে ১০টা প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ ধরনের ঘটনা এখানে কোনোদিন ঘটেনি। এটা আমাদের ধারণার বাইরে। এমন ঘটনা ঘটবে এটা তো আমরা কোনোদিন মেনে নিতে পারি না।”

কারা ভাঙচুর করেছে তার কোনো ধারণা নেই, পুলিশ এটা বের করবে উল্লেখ করে সিন্দুরপিণ্ডির হরিবাসর মন্দিরের সভাপতি আরও বলেন,“এটা খুব দুঃখজনক। এটা শুধু আমাদের ধর্ম না। যে কোনো ধর্মে কেউ এটা মানে নিবে না। এক কিলোমিটার দূরে আরও একটা মন্দিরে তিন-চারটা প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

“জাওনিয়া, গোয়ালগাড়িতে ভাঙছে। তাহলে নিশ্চয়ই এটা কোনো দীর্ঘ পূর্বপরিকল্পনা ছিল, দীর্ঘদিনের; নাহলে তো এভাবে এটা হতো না।”

একই এলাকার বাসিন্দা নরেশ চন্দ্র সিংহ (৩২) বলেন, “এই যে ঘটনা, এটাতে সবাই খুব মর্মাহত। এখানে হিন্দু সমাজের মানুষ কীভাবে এখানে থাকব! এখানে কখনও এটা ঘটেনি। আমরা আতঙ্কের মধ্যে আছি। এরপর যে কী হবে- এটা নিয়ে আমরা সবাই চিন্তিত।”

“অনেকে ভয়ে মন্দিরে ভাঙা প্রতিমা দেখতে আসেনি। হয়তো তারা বাড়িঘরের কথা ভাবছে। যেকোনো ঘটনা ঘটতে পারে। হিন্দু সমাজ খুব আতঙ্কিত।”

দীননাথ সিংহের বাড়ি সিন্দুরপিণ্ডির হরিবাসর মন্দিরের উত্তর পাশে। তিনি বলছিলেন, “এই ঘটনাটা সারাদেশের মানুষ জানবে। আমরা এখানে সবাই সম্প্রীতির মধ্যে ছিলাম। সেটা বিনষ্ট হলো। মানুষ দেখল, আমরা সম্প্রীতির মধ্যে নেই।”

তিনি বলেন, “অনেক উদ্দেশে এটা হতে পারে। রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, মৌলবাদীরা সেটা করতে পারে। নির্বাচন কাছে আসতে থাকলে এসব ঘটনা ঘটতে থাকে। এগুলো যেন না হয়।”

মূলহোতাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন দীননাথ।

ধনতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জীতেন্দ্র নাথ বণিক তার বাড়ির কাছের একটি মন্দিরে দাঁড়িয়ে বলেন, “এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন অনেক বেশি। মুসলমান মানুষের সংখ্যা কম। ১৪ হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে। মুসলমানের সংখ্যা চার হাজার।”

তার ধারণা,“এ ঘটনায় সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি জড়িত থাকতে পারে। সরকারের বদনাম রটাতে এটা করতে পারে।”

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দায়ীদের বিচার দাবি করেন, যাতে ভবিষ্যতে কেউ এখানে এ ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায়।      

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, ধনতলা ইউনিয়নের সিন্দুরপিণ্ডি থেকে টাকাহারা পর্যন্ত একটি হরিবাসর মন্দির, একটি কৃষ্ণ ঠাকুর মন্দির, পাঁচটি মনসা মন্দির, একটি লক্ষ্মী মন্দির ও একটি কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে।

এ ছাড়া চাড়োল ইউনিয়নে একটি কালীমন্দির, পাড়িয়া ইউনিয়নে একটি বুড়া-বুড়ি মন্দির, একটি  লক্ষ্মী মন্দির, একটি আমাতি মন্দির এবং একটি মাসানমাঠ মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

আরও পড়ুন:

পুরনো খবর:

এক রাতে ঠাকুরগাঁওয়ের ১৪ মন্দিরের প্রতিমা ভাঙচুর