নির্বাচন থেকে সরতে হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ সিলেটের বাবুলের
“কোনো ষড়যন্ত্রের কাছে আমি মাথা নত করব না; যত ষড়যন্ত্রই করা হোক না কেন, নির্বাচন থেকে সরে দাঁড়াব না।”
নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল।
মঙ্গলবার দুপুরে নগরীর বন্দরবাজারের করিমউল্লাহ মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগের সময় তিনি এ দাবি করেন।
নজরুল ইসলাম বাবুল বলেন, “আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। আমার কর্মীদের ওপর হামলা হচ্ছে, একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে।
“কিন্তু আমার বিশ্বাস, এই নগরীর প্রতিটি মানুষ আমাকে চেনেন। আমি একজন ব্যবসায়ী হিসেবে দুইবার সিলেট চেম্বারের পরিচালক নির্বাচিত হয়েছি। কোনো ষড়যন্ত্রের কাছে আমি মাথা নত করব না। যত ষড়যন্ত্রই করা হোক না কেন, নির্বাচন থেকে সরে দাঁড়াব না।”
চারদিকে লাঙ্গলের জোয়ার দেখে প্রতিপক্ষরা অপপ্রচার শুরু করেছে বলে মনে করেন এই নেতা।
তিনি বলেন, “আমি জেল, জুলুম, নির্যাতন, গুম, খুনে ভয় পাই না। আল্লাহ আমাকে সাহায্য করবেন। আমার বিশ্বাস সব ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ২১ জুনের নির্বাচনে লাঙ্গলেরই বিজয় হবে।”
নির্বাচন কমিশন সিলেটে ভোটের পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম বাবুল বলেন, “আমি বার-বার অভিযোগ করার পরেও নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারে নি। ফলে আমি নির্বাচন নিয়ে শংকিত। তবু আমার কার্যক্রম অব্যাহত রেখে চলেছি।”
তবে জাপা প্রার্থী কোনো লিখিত অভিযোগ দেননি বলে জানান এই নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। কমিশনে যারা লিখিত অভিযোগ দিয়েছেন; সেগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
