২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় মিলেছে এইডিস মশার লার্ভা

হাসপাতালে গত ১৮ দিনে ২৮ জনের দেহে শনাক্ত হয়েছে এইডিস মশাবাহিত ডেঙ্গুর ভাইরাস।

নেত্রকোণায় মিলেছে এইডিস মশার লার্ভা

নেত্রকোণা পৌর শহরের রাজুরবাজারে স্বাস্থ্য বিভাগের চালানো অভিযানে মিলেছে এইডিস মশার লার্ভা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 11:06 PM

Updated : 18 Jul 2023, 11:06 PM

নেত্রকোণা পৌর শহরে স্বাস্থ্য বিভাগের চালানো অভিযানে মিলেছে এইডিস মশার লার্ভা।

মঙ্গলবার দুপুরে শহরের রাজুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রথমবারের মত এই অভিযান চালানো হয়। জেলায় ১৮ দিনে ২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ববিদ মো. মঞ্জুরুল হক বলেন, অভিযানে প্রচুর পরিমাণে এইডিস মশার লার্ভা পাওয়া গেছে। জরুরিভিত্তিতে এসব মশার লার্ভা ধ্বংসের পদক্ষেপ নিতে হবে। নয়তো ভয়াবহভাবে ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

জেলা সিভিল সার্জন মো. সেলিম মিয়া বলেন, সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে গত ১৮ দিনে ২৮ জনের দেহে শনাক্ত হয়েছে এইডিস মশাবাহিত ডেঙ্গুর ভাইরাস। এর মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আবার কেউ কেউ উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তরা সবাই ঢাকা থেকে এসেছেন বলে জানিয়েছেন তিনি।

সিভিল সার্জন বলেন, প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্যে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা করা হয়েছে। এইডিস মশার খোঁজ করতে সাত সদস্যের টিম গঠন করা হয়েছে। তারা মাঠে কাজ করছেন। জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।