যৌন হয়রানি: রাবি চিকিৎসক রাজুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
“ক্রিমিনাল কোনো দলের সদস্য হতে পারেন না,” বলেন অধ্যাপক সামাদী।
যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের বরখাস্ত হওয়া চিকিৎসক রাজু আহমেদের রাজনৈতিক প্রভাব থাকায় সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী কিশোরীর মা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় তার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজুর দ্রুত শাস্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেন কিশোরীর মা।
তার ভাষ্যে, “সে (রাজু) যেহেতু একটি রাজনৈতিক দলের পদে আছে, সেহেতু আমি যখন কেস ফাইল করতে যাই- তখন নানাভাবে আমাকে বাধা দেওয়া হয়েছে। এমনকি হুমকিও দেওয়া হয় বিভিন্ন সময়। কিন্তু দমিয়ে রাখতে পারেনি।
“এ কারণেই হয়তো আমার নামে বেশ কয়েকটি ধারায় মিথ্যা মামলা দিয়েছে। আমি আসলে সন্দিহান তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সে বিচারের রায়কে প্রভাবিত করবে এবং করেছেও।”
গত ৩০ অক্টোবর রাতে রাজশাহী নগরীর তালাইমারি এলাকার আমেনা ক্লিনিকে চিকিৎসা নিতে যাওয়া ১৩ বছর বয়সী কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে ডা. রাজুর বিরুদ্ধে।
এ ঘটনায় ৩১ অক্টোবর নগরীর বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন কিশোরীর মা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
রাজু আহমেদ বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান হিসেবে কর্মরত ছিলেন।যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সংবাদ সম্মেলনে ওই কিশোরীর মা বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনি যে মামলা করেছেন, সেটি জামিন অযোগ্য (নন-বেইলেবল)। এমনকি তার মেয়ের জবানবন্দিও নেওয়া ছিল, তার পরও আসামি রাজু মামলার স্থগিতাদেশ পেতে সক্ষম হয়েছে।
“যেদিন তার (ডা. রাজু) নিম্ন আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল, সেদিন তিনি জামিন পেয়েছেন। যার কোনো বিধান নেই, সেটি সে তার ক্ষমতাবলে করতে পেরেছে।”
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, “অভিযুক্ত ডা. রাজু রাজশাহী যুবলীগের কমিটিতে আছেন বলে জানি। যুবলীগ, মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতি স্পষ্টভাবে আহ্বান জানাতে চাই ক্রিমিনালকে, ক্রিমিনাল হিসেবে দেখুন। ক্রিমিনালকে সমর্থন করবেন না। ক্রিমিনাল কোনো দলের সদস্য হতে পারেন না।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বোরাক আলী, সহ-সভাপতি অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া, মহিলা পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোবাররা সিদ্দিকা, বিশ্ববিদ্যারয় মহিলা ক্লাবের সহ-সাধারণ সম্পাদক রোজী খন্দকার রোজ, সাংস্কৃতিক সম্পাদক আফরোজা আখতার, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান দিলসেতারা চুনি।
