কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রাবির চিকিৎসক বরখাস্ত
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রশাসন ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন।
রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য জানান।
তিনি বলেন, চিকিৎসক রাজুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এর মধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।
এ ছাড়া অভিযোগ তদন্তের জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটিকেও দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
৩০ অক্টোবর রাতে রাজশাহী নগরীর তালাইমারি এলাকার আমেনা ক্লিনিকে ১৩ বছর বয়সি এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে চিকিৎসক রাজুর বিরুদ্ধে।
এ ঘটনায় ৩১ অক্টোবর নগরীর বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন কিশোরীর মা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
আসামি রাজু আহমেদ বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান হিসেবে কর্মরত। পাশাপাশি বেসরকারি ক্লিনিকেও রোগীদের চিকিৎসা দেন তিনি।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, চিকিৎসক রাজু আহমেদের সঙ্গে ওই কিশোরীর পরিবারের সুসম্পর্ক রয়েছে। ৩০ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে নগরীর তালাইমারী এলাকার আমেনা ক্লিনিকের নিচতলায় ওই চিকিৎসকের চেম্বারে মায়ের সঙ্গে কিশোরী চিকিৎসা নিতে যায়।
রাত ৮টা ৪০ মিনিটের দিকে মায়ের মোবাইলে কল এলে তিনি কথা বলার জন্য চেম্বার থেকে বাইরে যান। এ সময় ওই চিকিৎসক কিশোরীকে যৌন হয়রানি করেন।
ভয় পেয়ে কিশোরী তখন চিৎকার দেয়। তখন মা ভেতরে প্রবেশ করে মেয়েকে কান্নারত অবস্থায় দেখতে পান এবং মেয়ের মুখে ঘটনার বর্ণনা শোনেন বলে মামলায় উল্লেখ করা হয়।
এ ঘটনার প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করেন কিশোরীর মা।
চিকিৎসক রাজুকে চাকরিচ্যুতের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীসহ কয়েকটি সংগঠন।
আরও পড়ুন:
