২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বৃষ্টির স্রোতে নিখোঁজের দুই দিন পর জেলের লাশ উদ্ধার

বৃষ্টির মধ্যে কমলাপুর বিলে পুকুরে মাছ ভেসে যাওয়া আটকাতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন মোকসেদ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 07:09 PM

Updated : 07 Oct 2023, 07:09 PM

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভারি বৃষ্টির স্রোতে ভেসে যাওয়ার দুই দিন পর এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার কমলাপুর বিলে জেলেদের মাছ ধরা জালে তার মরদেহ আটকা পড়ে বলে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান।

নিহত মোকসেদ আলী (৫৫) দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কমলাপুর বিলে পুকুরে মাছ ভেসে যাওয়া আটকাতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।

পুলিশ জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারা দিন বৃষ্টিতে বিল পাতিকোলা ও কমলাপুর বিলের শত শত পুকুর ভেসে যেতে থাকে। স্থানীয় মাছচাষি মাইনুল ইসলামের পুকুর রক্ষার জন্য বৃহস্পতিবার ২৫ জন শ্রমিক দুর্গাপুর থেকে কমলাপুর বিলে যান।

তারা মালিকের অপেক্ষাকৃত নিচু পুকুরগুলো থেকে মাছ তুলে আনছিলেন। এ সময় চারটি ইউনিয়নের বৃষ্টির পানি প্রবল বেগে কমলাপুর বিলে নামতে থাকে। এতে মাছ ধরার কাজে নিয়োজিত শ্রমিকরা স্রোতের তোড়ে ভেসে যান।

খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় ২৪ শ্রমিককে উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন মোকসেদ। শুক্রবার সারাদিন বিলে তল্লাশি করেও তার সন্ধান মেলেনি।

মোকসেদের আত্মীয় মজিবুর রহমান বলেন, কমলপুর বিল থেকে পানি স্রোত বরোনই নদীতে গিয়ে পড়েছে। গত দুই দিন সেই দিকে খোঁজাখুঁজি করেও মোকসেদের সন্ধান পাওয়া যায়নি।

রাজাবাড়ি গ্রামের বাসিন্দা আবদুর রউফ জানিয়েছেন, সকালে মাছ ধরার জালে মোকসেদের লাশ আটকা পড়ে। লাশ যাতে দূরে ভেসে যেতে না পারে, সে জন্য তারা আটকে রেখেছিলেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি কামরুল।