ছাদে রেস্তোরাঁর আড়ালে মাদকের কারবার করতেন তারা: ডিবি
অভিযানে ১৬৩টি ইয়াবা ট্যাবলেট ও ৪১ বোতল ফেনসিডিল জব্দ করা হয় বলে জানায় ডিবি।
রংপুর নগরীতের খোলা ছাদে ‘রেস্তোরাঁর আড়ালে মাদকের কারবার করে ধরা পড়েছেন পাঁচ কারবারি।’
সোমবার দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।
তিনি জানান, এস এম মঞ্জুর মোর্শেদ ওরফে লিংকন শহরের চারতলা মোড় এলাকায় নিজেদের ৬তলা ভবনের খোলা ছাদে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন। ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিলেন।
গোপন খবরে গত রোববার ওই রেস্তোরাঁয় হানা দেয় রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।
পুলিশের দাবি, অভিযানে মাদক কেনা-বেচার সময় হাতেনাতে ধরা পড়েন ভবনটির মালিকের ছেলে মঞ্জুর মোর্শেদ ওরফে লিংক (৫১), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বাগডাঙ্গা এলাকার মাসুদ রানা (৩২), রংপুর নগরীর আশরতপুর পার্কের মোড় এলাকার সামিউল আলম ওরফে রতন (৩২), নগরীর ধর্মদাস মিলনপাড়ার মোশাররফ হোসেন (৩৫), নগরীর শালবন এলাকার শিপন মিয়া (২৭)।
এ সময় সেখান থেকে ১৬৩টি ইয়াবা ট্যাবলেট ও ৪১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
ডিবি কর্মকর্তা মুত্তাকী ইবনু মিনান আরও জানান, এ কারবারের সঙ্গে আরও কেউ কিংবা অন্য কোনো রেস্তোরাঁ জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া এখান থেকে কারা কারা মাদক ক্রয়-বিক্রয় করতেন সেসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা হয়েছে বলেও জানান মুত্তাকী ইবনু মিনান।
