হামলায় আহত খুলনার এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু
গত ১২ জুন তাকে কুপিয়ে-পিটিয়ে আহত করা হয়। সে ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
হামলায় আহত খুলনার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান ছিলেন গাজী জাকির হোসেন নামে এই আওয়ামী লীগ নেতা। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।
জাকির হোসেনের ভাতিজা বারাকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গাজী আলী বাকের প্রিন্স বলেন, তার চাচা ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১টার দিকে মারা যান।
গত ১২ জুন জাকির হোসেনকে আট-দশজনের একটি দল রড ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তাছাড়া তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। অবস্থা সংকটাপন্ন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেন পরিবারের সদস্যরা।
হামলার ঘটনায় জাকির হোসেনের বড় ছেলে গাজী আরাফাত হোসেন কাঈফ বাদী হয়ে ১৪ জুন দিঘলিয়া থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।
দিঘলিয়া থানার ওসি আহসানুল্লাহ চৌধুরী বলেন, মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলার মামলাটি হত্যা মামলায় পরিণত করা হবে।
