নির্বাচন প্রতিহতের ঘোষণা বেআইনি: গাজীপুরে ইসি আলমগীর
রাজনীতির নামে সভা-সমাবেশ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে মনে করেন তিনি।
যারা ভোটে না এসে উল্টো নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছেন তাদের এমন ঘোষণাকে বেআইনি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি বলেছেন, “রাজনীতির নামে সভা-সমাবেশ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। যদিও প্রশাসনের অনুমতি সাপেক্ষে তারা গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক কার্যক্রম করতে পারবেন। সে বিষয়ে আমাদের কোনো নিষেধ নেই।”
রোববার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ নির্বাচন কমিশনার বলেন, “আইনে আছে, নির্বাচনে প্রার্থী, ভোটারদের বাধা বা নির্বাচনি ব্যবস্থাকে ব্যাঘাত ঘটালে তা আইন অনুযায়ী অপরাধ।”
নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই দাবি করে আলমগীর আরও বলেন, “তারা শুধু আমাদের কাছে জানতে চায়, সুষ্ঠু নির্বাচনের জন্য কী কী কাজ করছি।”
নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ আছে কি না জানতে চাইলে এ কমিশনার বলেন, “যেকোনো কাজেরই চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ ছাড়া পৃথিবীতে কোনো কাজ আছে বলে মনে করি না। তবে আমি মনে করি, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার ইচ্ছা ও সামর্থ্য আছে।”
তিনি জানান, নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। পুলিশ, প্রশাসন ও রিটার্নিং-প্রিজাইডিং অফিসাররা যখন যেখানে প্রয়োজন সেখানে যাবেন।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে। সুশৃঙ্খলভাবে ভোট হবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হবে। আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাবেন। নিরাপদে আসতে পারবেন, ভোট দিয়ে আবার নিরাপদে বাড়িতে যেতে পারবেন। বাড়িতে গিয়েও নিরাপদ থাকতে পারবেন। এজন্য আহ্বান হল, সবাই ভোটে অংশগ্রহণ করবেন।”
নির্বাচন নিয়ে কেউ কোনো গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে আলমগীর আরও বলেন, “কেউ যদি গুজব ছড়ায়, তাহলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নলেজে দেবেন।”
এর আগে মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, পুলিশ সুপার কাজী শফিকুল আলম ছাড়াও বিজিবি, র্যাবের কর্মকর্তারা ছিলেন।
