সংঘর্ষে ২ আওয়ামী লীগ কর্মী নিহতের পর থমথমে জাজিরা-শিবচর
“এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আরও বড় ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কাও রয়েছে সাধারণ মানুষের মনে।”
শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার কাছে বিএনপি ও কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সময় দুজন নিহত হয়েছেন। তারা আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, রোববার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জমাদ্দার বাড়ি মোড়, পদ্মা সেতুর আন্ডার পাস এলাকার বিএনপি কার্যালয়, বাস কাউন্টার এলাকায় এ সংঘর্ষ হয়।
ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যানবাহন ও মানুষের চলাচল কমে গেছে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
সংঘর্ষে নিহতরা হলেন- নিজামউদ্দিন মৃধা (৪০) ও ইব্রাহিম সিপাহী (৩০)।
নিজামউদ্দিন মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। তিনি আওয়ামী লীগের সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটনের কর্মী হিসেবে পরিচিত।
অপরদিকে ইব্রাহিম শরীয়তপুর সদরের সোনামুখী এলাকার হাফিজউদ্দিন সিপাহীর ছেলে। তিনি এলাকায় যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
যেভাবে ঘটনার শুরু
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এবং মাদারীপুরের শিবচরের কুতুবপুর সীমানা পাশাপাশি। ভোর সাড়ে ৫টার দিকে পদ্মা সেতু টোলপ্লাজা সংলগ্ন নাওডোবা এলাকার জমাদ্দার মোড় অবরোধের জন্য মাদারীপুরের শিবচরের আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে যান।
তাদের হাতে লাঠিসোঁটা, লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করতে শনিবার রাত থেকেই বিএনপির নেতাকর্মীরাও একই এলাকায় অবস্থান নেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে পৌঁছানোর পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে দুপক্ষই স্লোগান তুলে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ২০ মিনিট ধরে শুধু পাল্টাপাল্টি ককটেল নিক্ষেপের ঘটনা চলে। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এক্সপ্রেসওয়ে ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পদ্মা সেতু এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
একপর্যায়ে অগ্নিসংযোগ করা হয় ফুড এক্সপ্রেস রেস্টুরেন্ট, পদ্মা ফুড ভ্যালি রেস্টুরেন্ট, বিএনপি কার্যালয়সহ কয়েকটি বাস কাউন্টারে। পুড়িয়ে দেওয়া হয় অন্তত ৩০টি মোটরসাইকেল। ভাঙচুর ও আগুন দেওয়া হয় বিএনপির তৈরি করা প্যান্ডেলে। ঘণ্টাব্যাপী ধরে এই সহিংসতার ঘটনা ঘটে।
এই সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী। আহত হন অন্তত ২০ জন। আহতদের মধ্যে নিজামউদ্দিন মৃধাকে হাসপাতালে পাঠানো হয়। পথেই তিনি মারা যান।
এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ স্থানে সরে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সড়ক থেকে সরে যান। পরে সকাল ১০টার দিকে বিএনপির নেতাকর্মীরা ফের সেখানে ফিরে আসেন।
নাওডোবা এলাকার স্থানীয় হোটেল ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, “আমরা পদ্মা সেতু এলাকায় ব্যাবসা-বাণিজ্য করি। গতকাল (শনিবার) রাত ১২টার দিকে রেস্টুরেন্ট বন্ধ করে চলে যাই। সকালে এসে দেখি আমাদের সাটার ভেঙে ঘরে আগুন দিয়ে দিয়েছে।”
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, “টোলপ্লাজার কিছু দূরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। কয়েকটি মোটরসাইকেলে ও দুটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। পরে আমরা কাঁদুনে গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করেছি।”
অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।
ভয়ে চলাচল কম
ঘটনার পর থেকেই জাজিরা ও শিবচর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নাওডোবা এলাকার বাসিন্দা বাদল আকন্দ বলেন, “সকালের ঘটনার পর থেকে আমরা ভয়-আতঙ্কের মধ্যে আছি। এলাকার লোকজন প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। আমরাও বাসায় আছি। যদিও এলাকায় পুলিশ রয়েছে।
তিনি বলেন, “মানুষের মধ্যে আবারও হামলা-সহিংসতার আশঙ্কা কাজ করছে। আবার অনেকে বলাবলি করছেন, পুলিশ হয়ত বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করবে। এটা নিয়েও ভয়ে আছে মানুষজন।”
নাওডোবার জমাদ্দারকান্দি এলাকার বাসিন্দা রমিজ মোল্লা বলেন, “সকালের ঘটনার কারণে আজকে ছেলেমেয়েদের স্কুলে পাঠাইনি। নিজেদের কাজ ছাড়া কেউ বের হচ্ছেন না। সবাই এলাকা আতঙ্কের মধ্যে আছেন।”
একই কথা বলছিলেন ওই এলাকার ইব্রাহিম শেখও।
‘আবার ফুঁসে উঠতে পারে’
এদিকে নিজামউদ্দিন মৃধা নিহতের ঘটনায় শিবচর উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। পুরো উপজেলায় থমথমে পরিস্থিত বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা ইমতিয়াজ আহমেদ বলেন, “আন্দোলনে শিবচরের এক আওয়ামী লীগের কর্মী মারা যাওয়ার ঘটনা এখন পুরো উপজেলা জুড়েই মানুষের মুখে মুখে আলোচনা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আরও বড় ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কাও রয়েছে সাধারণ মানুষের মনে।”
আরেক বাসিন্দা সারোয়ার হোসেন বলেন, “গুলিতে মৃত্যুর ঘটনা সকালে ঘটলেও এখনও নিহতের দাফন হয়নি। তাই মানুষের মনে ক্ষোভ ফুঁসে উঠতে পারে যেকোনো সময়।”
সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আব্দুল সালাম বলেন, “আজ সেনাবাহিনী বেশি সময় দিয়ে টহল দিচ্ছে। তবে স্থায়ীভাবে মোতায়েন করা হয়নি। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, “পদ্মা সেতু এলাকা ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যানমালের নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে পুলিশের টহল রয়েছে।”
মরদেহের ব্যাপারে জানতে চাইলে ওসি বলেন, “যেহেতু ঘটনাস্থল জাজিরা থানায় তাই এ বিষয়ে ওই থানা থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত ভাবেই লাশের ময়নাতদন্ত শেষে দাফন করা হবে।”
