রংপুরে অপহরণ ও গুমের মামলায় একজনের যাবজ্জীবন
সাজার পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক গৃহবধূকে অপহরণ ও গুমের দায়ে একজনেক যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক মোস্তফা কামাল ২১ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত মাজহারুল ইসলাম জুয়েল পীরগঞ্জ উপজেলার ছোট মীরজাপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। সাজার পাশাপাশি বিচারক তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক হাসনাইন জানান।
মামলার বিবরণে বলা হয়, ২০০১ সালের ৭ নভেম্বর মিঠাপুকুরের এক গৃহবধূকে অপহরণের পর গুম করে মাজহারুল। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ জুয়েলের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
