যশোরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ
যশোরে মে মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল হাতে গোনা, জুনে তা বেড়ে দাঁড়ায় ২৭ জন।
আগের দুই মাসের তুলনায় চলতি জুলাইয়ে যশোরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে; মৃত্যু হয়েছে দুইজনের।
শনিবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯ জন।
জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে জানিয়ে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশীদ বলেন, মে মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল হাতে গোনা। জুনে তা বেড়ে দাঁড়ায় ২৭ জন। আর জুলাইয়ের ১৫ তারিখ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
এখন ২০ জন রোগী চিকিৎসাধীন বলেও জানান তিনি।
বুধ ও বৃহস্পতিবার যে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয় তারা হলেন চৌগাছা উপজেলার উত্তর কয়ারপাড়া গ্রামের দোলন কর্মকার (৩৫) এবং বাঘারপাড়া উপজেলার গৌরনগর গ্রামের আব্দুল গফ্ফার (৬৫)।
সিভিল সার্জন অফিস জানিয়েছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত ৯ জনের মধ্যে তিনজন রোগী রয়েছেন যারা ঢাকা থেকে যশোরে এসেছেন।
