বরিশালে লঞ্চের চাপায় পা হারানোর শঙ্কায় নারী
আহত ওই নারীকে উন্নত ঢাকায় পাঠানো হয়েছে।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা পড়ে এক নারী পায়ে গুরুতর আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উলানিয়া (উত্তর) ইউনিয়নের কালিগঞ্জ লঞ্চ ঘাটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত রিনা বেগম (২৯) উপজেলার উলানিয়া (দক্ষিণ) ইউনিয়নের দক্ষিণ যাদুয়া গ্রামের বাসিন্দা মৃত কামাল রাঢ়ীর স্ত্রী। তিনি তার মাকে লঞ্চে তুলে দিতে এসে দুর্ঘটনার শিকার হন।
কালিগঞ্জ ঘাটের সুপারভাইজার হারুন হাওলাদার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-হাতিয়া-মনপুরা-দৌলতখান-কালিগঞ্জ নৌ-পথে চলাচল করে এমভি ফারহান-৪ লঞ্চ। রোববার রাতে লঞ্চটি কালিগঞ্জ ঘাটে ভিড়ছিল। এ সময় লঞ্চে উঠার জন্য ঘাটের পন্টুনে অবস্থান নেওয়া যাত্রীদের নিরাপদ দূরত্বে যেতে অনুরোধ করা হয়।
“কিন্তু রিনা বেগম পন্টুনে লঞ্চ বাঁধার মঠের পাশে দাঁড়িয়ে ছিলেন। লঞ্চ ঘাটে ভিড়লে তার বাম পা মঠ ও লঞ্চের কার্নিশে চাপা পড়ে। ঘটনার পর উলানিয়া (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জামাল মোল্লার নির্দেশে লঞ্চ কর্তৃপক্ষের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সো পাঠানো হয়।”
মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, রিনা আক্তারকে প্রথমে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে থেকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে থেকে স্বজনরা তাকে ঢাকায় নিয়ে রওনা হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স ইউনিট-১ এর সহকারী রেজিস্ট্রার গৌতম সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিনা বেগমকে বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিলো। ক্ষতিগ্রস্ত পায়ের হাঁটুর নিচ থেকে হাড় গুড়ো হয়ে গেছে। তারপরও পা না কেটে ব্যাক স্ল্যাব দিয়ে রাখা হয়েছিলো। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
উলানিয়া (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিধবা অসহায় ওই নারীর সুচিকিৎসার জন্য লঞ্চ কর্তৃপক্ষকে বলা হয়েছে। লঞ্চ কর্তৃপক্ষ বিষয়টি দেখবে বলে জানিয়েছে। আমাদের পক্ষ থেকেও সহায়তা করা হবে।”
