শিবপুরে ক্যাম্প ভাঙচুর ও টাকা ছড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ
দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়িয়েছে নির্বাচনি এলাকায়।
নরসিংদী-৩ শিবপুর আসনে এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচার কেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।
একই আসনে আওয়ামী লীগ প্রার্থী আবার ঈগল প্রতীকের ওই স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ এনে অভিযোগ দিয়েছেন।
এখানে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন ফজলে রাব্বি খান এবং তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে আছেন সিরাজুল ইসলাম মোল্লা। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়িয়েছে নির্বাচনি এলাকায়।
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সিরাজুল ইসলাম মোল্লার সমর্থক মেরাজুল হক মেরাজ বলেন, বুধবার রাত ১০টার দিকে দুলালপুর ইউনিয়নের গড়বাড়ী বাজারে সিরাজ মোল্লার সমর্থিত ঈগল মার্কার অফিস ভাঙচুর হয়। নৌকার প্রার্থী ফজলে রাব্বির চাচাতো ভাই আমিনুর রশিদ তাপসের নেতৃত্বে চারটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার নিয়ে ২০-২৫ জনের দল এই হামলা চালায় এবং ভাঙচুর করে।
“আমাদের সমর্থক জুয়েল মিয়া (২৮) বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”
স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, “আমার কর্মীদের ভয়ভীতি দেখানোর জন্য নৌকার প্রার্থীর লোকজন দুলালপুরে আমাদের নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর করেছে। একজন কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। আমরা এ বিষয়ে প্রশাসনকে অবহিত করেছি।”
তবে, অভিযোগ অস্বীকার করেছেন নৌকার সমর্থক আমিনুর রশিদ তাপস। তিনি বলেন, “আমি ও আমার লোকজন কোনো ক্যাম্প ভাঙচুর করিনি। তবে, ওই এলাকায় প্রচারে গিয়েছিলাম। তারা প্রমাণ দিতে পারলে আমার ওপর আইনানুযায়ী যে শাস্তি দেওয়া হয়, তা আমি মেনে নেব।”
এ ব্যাপারে নৌকার প্রার্থী ফজলে রাব্বি খান বলেন, “স্বতন্ত্র প্রার্থীর ইমেজ সংকট হওয়ায় এবং নিশ্চিত পরাজয় জেনে নিজেদের লোকজনকে দিয়ে নিজেরাই ভাঙচুর চালিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। তাদের মাথা নষ্ট হয়ে গেছে, নিজেদের ক্যাম্পের সঙ্গে নৌকার ক্যাম্পও ভাঙচুর করেছে কয়েকটি।”
নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম বলেন, “সিরাজুল ইসলাম মোল্লার ক্যাম্প ভাঙচুরের বিষয়ে আমাদের জানা নেই, কেউ অভিযোগও দেয়নি। এ বিষয়েও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঈগলের পক্ষে টাকা ছড়ানোর অভিযোগ
এদিকে স্থানীয় একটি স্কুলে আলোচনা সভা শেষে নারীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার পক্ষে টাকা বিতরণ করা হয়েছে এমন অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ প্রার্থী।
টাকা বিতরণের ভিডিওসহ নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছেন নৌকার প্রার্থী ফজলে রাব্বি খান।
তিনি বলেন, বুধবার দুপুরে যোশর ইউনিয়নের বাহাউদ্দিন প্রাইমারি স্কুল মাঠে ঈগল প্রতীকের উঠান বৈঠক হয়। বৈঠক শেষে এসবি ফ্যাক্টরির ভেতর লাইনে দাঁড় করিয়ে নারী ভোটারদের মাঝে টাকা বিতরণ করা হয়।
“সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ভাইরাল হওয়া একটা ভিডিও আমাদের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, সিরাজুল ইসলাম মোল্লার পক্ষে লাইনে দাঁড় করিয়ে হাতভর্তি টাকা নিয়ে নারীদের মধ্যে বিতরণ করছেন জেলা যুবলীগের সদস্য হুমায়ুন আফ্রাদ। তিনি সিরাজুল ইসলাম মোল্লার আপন ভাগিনা”, বলেন ফজলে রাব্বি।
এ ব্যাপারে চেষ্টা করেও হুমায়ুন আফ্রাদের সঙ্গে কথা বলা যায়নি।
তবে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা বেলেন, “টাকা-পয়সা ওইখানে ডিস্ট্রিবিউশন হয়েছে কি-না সেটা আমার জানা নেই। আর সেখানে যদি হুমায়ুন আফ্রাদ ইয়ে করে থাকে তার ছবি আছে কি-না দেখে তারপর বলতে পারব।”
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বদিউল আলম বলেন, “এটা অবশ্যই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। এর আগেও সিরাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে উনাকে এবং উনার সমর্থককে আমরা শোকজ করেছি। আমরা অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি।”
