২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃতজ্ঞতা জানাতে প্রধানমন্ত্রীর সমাবেশে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী

জাতীয় সংসদে যেন প্রতিনিধিত্ব করতে পারেন, প্রধানমন্ত্রী সেই ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেবেন বলেও আশা ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর।

কৃতজ্ঞতা জানাতে প্রধানমন্ত্রীর সমাবেশে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী

আনন্দ মিছিল নিয়ে রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশে উপস্থিত হয়েছেন ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী।

আফতাবুজ্জামান হিরু

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 02:23 PM

Updated : 02 Aug 2023, 05:19 PM

আনন্দ-উচ্ছ্বাস আর ‘রাষ্ট্র-সমাজ-পরিবারে, সমান হবো অধিকারে’ লেখা প্ল্যাকার্ড নিয়ে রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশে অংশ নিচ্ছেন ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী।

ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীকে ভোটাধিকার ও তৃতীয় লিঙ্গের স্বীকৃতি প্রদানের জন্য রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশে স্বশরীরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে চান তারা।

রংপুর ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর নেতা আনোয়ারা ইসলাম রানী জানান, ভোটাধিকার ও স্বীকৃতি পেয়ে তারা অনেক বেশি আনন্দিত এবং গর্বিত। সেই কৃতজ্ঞতা থেকে নিজেদের অর্থায়নে-উদ্যোগে আনন্দ মিছিল নিয়ে এই জনসমাবেশে উপস্থিত হয়েছেন তারা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের নিজেদের কোনো দোষ নেই। তারপরও জন্মের পর থেকেই আমরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে অবহেলিত, লাঞ্চিত এবং বঞ্চিত ছিলাম। আমার সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে জীবনযাপন করেছি।

“আমাদের বাবা-মা আমাদের স্বীকৃতি দেননি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সমাজে-রাষ্ট্রে স্বীকৃতি দিয়ছেন। আমাদের ভোটাধিকার দিয়েছেন। আমরা আজ রাষ্ট্রের নাগরিক। এজন্য আমরা ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিরকৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “আমরা আজকের সমাবেশে উপস্থিত হয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে চাই, আমাদের মহান জাতীয় সংসদে যেন ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী যেন প্রতিনিধিত্ব করতে পারে, সেই ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিবেন।”

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে মহাসমাবেশ উপলক্ষে খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে উঠেছে পুরো নগরী। স্লোগানে মুখর রংপুরের অলিগলিতে গণমানুষের ঢল নেমেছে। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রংপুর জিলা স্কুলের আশপাশ।

রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের আয়োজিত এই জনসভায় বিকালে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। সে সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেছেন।

সাড়ে চার বছরের বেশি সময় পর তিনি ফের রংপুরে আসছেন।

এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় এসেছিলেন তিনি।