‘বিচার হয়নি, মেলেনি চাকরি’: রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত পরিবারে হতাশা-ক্ষোভ
রানা প্লাজায় এক নিহতের স্বজন বলেন, “সরকার পোত্তেক নিহত পরিবারোত থ্যাকি এ্যাকঝনাক করি চাকরি দিব্যার চাচিল। আজ চাকরি দ্যায় নাই।”
এক দশক আগে সারা বিশ্বকে কাঁপিয়ে দেওয়া রানা প্লাজান ধসে পা হারিয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সোনিয়া বেগম। প্রতি বছর এই দিনটি তার জীবনে দুঃসহ যন্ত্রণাকে খুঁচিয়ে খুঁচিয়ে বড় করে।
এক দশক পার হয়ে গেলেও এখনও তাজা সোনিয়ার দুঃখ, ক্ষোভ। এর একটি কারণ দোষীদের এখনও শাস্তির মুখোমুখি হতে হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পা হারিয়ে কষ্ট করে চলছি। কিন্তু যাদের কারণে পা হারিয়ে পঙ্গু হলাম, সেই দোষী ব্যক্তিদের এখনও বিচার দেখতে পারলাম না। ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের এমন শাস্তি দেওয়া হোক, যাতে এ ধরনের ঘটনা আর দেখতে না হয়।”
সুন্দরগঞ্জ উপজেলার সাতগিরি গ্রামের লাভলী খাতুন হারিয়েছেন বাম পা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পা গেছে যাক, সেই ঘটনার জন্য দায়ীদের বিচার দেখে যেতে পারলে আত্মায় শান্তি পাব।”
সোনিয়া, লাভলীদের গল্পগুলো একই রকম
সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামে বাড়ি সোনিয়ার। পা হারিয়ে বাড়ি ফিরতে বাধ্য হন তিনি। এই এক দশকে যা যা পাওয়ার কথা ছিল, পাওয়া হয়নি তার অনেক কিছুই।
সোনিয়া বলেন, “ঘটনার পর সরকার অনেক প্রতিশ্রুতি দেয়। কিন্তু বাস্তবায়ন হয়নি। স্বামীর চায়ের দোকানের আয়ে সংসার ঠিকমতো চলছে না। ধারদেনা করে চলতে হচ্ছে।”
২০১১ সালে একই ইউনিয়নের পূর্ব দামোদরপুর গ্রামের নজির উদ্দিনের ছেলে মিজানুর রহমানের সঙ্গে বিয়ে হয় সোনিয়ার। তারা দুইজনই অষ্টম শ্রেণি পাস। বিয়ের পর দুই বছর বেকার জীবন কাটান মিজানুর। ২০১৩ সালের এপ্রিলে সাভারের রানা প্লাজার একটি পোশাক কারখানায় চাকরি নেন তারা। ২২ দিনের মাথায় ধসে পরে ভবনটি। সেদিন মিজানুর অন্য কাজে বাইরে থাকায় বেঁচে যান।
সোনিয়া জানান, কিছু বোঝার আগেই হঠাৎ বিকট শব্দে ভবনটি ধসে পড়ে। দৌড়ে বের হবার সময় তার ডান পা ভবনের একটি বিধ্বস্ত পিলারের নিচে চাপা পড়ে। তিনদিন পর উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করেন। এরপর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার ডান পা কোমরের নিচ থেকে কেটে ফেলা হয়।
মিজানুর তার বাড়ির উঠানে চায়ের দোকান ও ফ্ল্যাক্সিলোডের ব্যবসা করেন। প্রতিমাসে সাত থেকে আট হাজার টাকা আয় হয়। তাদের মেয়ে মিম্মি আক্তার দ্বিতীয় শ্রেণিতে পড়ে, ছেলে সিয়ামের বয়স ১৬ মাস।
মিজানুর রহমান বলেন, “ভেবেছিলাম দুইজনের চাকরি দিয়ে সংসারে স্বচ্ছলতা ফিরবে; তা আর হলো না।”
রানা প্লাজা ধসের পর সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ লাখ টাকা পান লাভলী। সেই টাকা দিয়ে স্বামীকে একটি হালচাষের ট্রাক্টর কিনে দেন। বাড়িতে দেন একটি দোকান। কিন্তু মূলধনের অভাবে সেটি এখন বন্ধ।
লাভলী বলেন, আশা নিয়ে চাকরি করছিলেন। ভেবেছিলেন সংসারে অভাব থাকবে না। কিন্তু তার বদলে হারাতে হয়েছে পা।
তার স্বামী আনারুল ইসলাম বলেন, “সে বসে বসে দোকান করত। কিন্তু সেটি বন্ধ। তাই আয় নেই।”
চাকরির প্রতিশ্রুতি পূরণ হয়নি
গাইবান্ধার হতাহতের পরিবারগুলোর বেশিরভাগেরই একই অবস্থা। তাদের পুনর্বাসনের কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এক দশকেও। তাদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।
সেই দুর্ঘটনায় গাইবান্ধার ৪৯ জন নিহত হন। আরও ১১ জনের কোনো খোঁজ নেই। আহত হন শতাধিক।
ঘটনার পর প্রধানমন্ত্রীর অনুদান হিসেবে তিন দফায় নিহত পরিবারপ্রতি এক লাখ ৪৫ হাজার টাকা করে দেওয়া হয়।
সাদুল্লাপুর উপজেলার কিশামত হলদিয়া গ্রামের স্মৃতি রাণী প্রাণ হারানোর পর তার পরিবারের অবস্থা করুণ।
স্মৃতির আত্মীয় চিত্তরঞ্জন বলেন, তাদেরকে অনুদানের টাকার চেক দেওয়ার সময় বলা হয়েছিল, নিহত পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে। কিন্তু কেউ খোঁজ নেয়নি।
একই ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামের দিনমজুর ওয়াহেদ আলী হারিয়েছেন তার ১৮ বছর বয়সী ছেলে সবুজ মিয়াকে। ঘটনার ১৬ দিন পর ছেলের হাড়গোড় ফিরে পায় তার পরিবার।
সবুজ মিয়ার আত্মীয় কামরুল ইসলাম বললেন, “সরকার পোত্তেক নিহত পরিবারোত থ্যাকি এ্যাকঝনাক করি চাকরি দিব্যার চাচিল। আজ চাকরি দ্যায় নাই।”
একই গ্রামের আবদুল বারীর মেয়ে বীথি খাতুন ও সোনা মিয়ার স্ত্রী কামনা খাতুনের সন্ধান মেলেনি এখনও। ফলে তাদের পরিবারকে কোনো সহায়তাও দেওয়া হয়নি।
ডান হাত হারানো সাদুল্লাপুর উপজেলার চকগোবিন্দপুর গ্রামের রিক্তা খাতুন ২০০৯ সালে চাকরি নেন রানা প্লাজার একটি কারখানায়।
ভবন ধসের স্মরণ করে তিনি জানান, সিঁড়ি বেয়ে নামতে ছাদের নিচে চাপা পড়েন। ডান হাতের উপরে ইটের দেয়াল ভেঙে পড়ে। চারদিন পর করাত দিয়ে হাত কেটে তাকে বের করা হয়। দুইমাস চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরেন।
সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া ১২ লাখ টাকার সঞ্চয়পত্র আছে। সেই সঞ্চয়পত্রের মাসিক ১০ হাজার টাকা লভ্যাংশ দিয়ে সংসার চলছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জুয়েল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রানা প্লাজা ধসের ঘটনার পরপরই সরকারের পক্ষ থেকে হতাহতের পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এরপর তাদের পুনর্বাসনের বিষয়ে কোনো সরকারি নির্দেশনা পাওয়া যায়নি।”
