২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে নারীকে দলবেঁধে ধর্ষণের পর হত্যায় গ্রেপ্তার ২

“ঘটনার দিন নিহতের ভাই বাদী হয়ে শিবচর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।”

মাদারীপুরে নারীকে দলবেঁধে ধর্ষণের পর হত্যায় গ্রেপ্তার ২

মাদারীপুরে শিবপুর উপজেলায় নারীকে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2023, 05:31 PM

Updated : 05 Mar 2023, 05:31 PM

মাদারীপুরের শিবচর উপজেলায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম।

গ্রেপ্তার আতিয়ার কাজী (৫০) এবং শহীদ মোল্লা (৪২) উপজেলার ভেন্নাতলা এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার বলেন, শুক্রবার শিবচর ইউনিয়নের ভেন্নাতলা এলাকার সৌদিপ্রবাসী শাহ আলম ফকিরের স্ত্রী আকলিমা বেগমের (৩০) মুখবাঁধা লাশ নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

“ঘটনার দিন নিহতের ভাই সুজন শিকদার বাদী হয়ে শিবচর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। এরপর পুলিশের অনুসন্ধানের ভিত্তিতে আতিয়ার কাজী ও শহীদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।”

তিনি আরও বলেন, “সাত বছর আগে আতিয়ারে সঙ্গে পরিচয় হয় আকলিমার। এক সময় তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। আতিয়ার তার অন্য বন্ধুদের সঙ্গে আকলিমার পরিচয় করিয়ে দেন।

“পরে তাদের সম্পর্কের বিষয়টি এলাকায় জানাজানি হলে আকলিমাকে মেরে ফেলার পরিকল্পনা করে আতিয়ারসহ তার দুইবন্ধু। এরপর তারা আকলিমাকে হত্যা করে। পরে তিনজন গা ঢাকা দেন। পেশায় তারা ভ্যানচালক।”

বাবুল শিকদার (৪৫) নামে একজন এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।