মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের ভিতরে হাঁটার সড়কের পাশে লাগানো বেশকিছু গাছ শত্রুতা করে নষ্ট করে ফেলা হয়েছে।
Published : 02 Nov 2023, 08:01 PM
মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের ভিতরে হাঁটার সড়কের পাশে লাগানো বেশকিছু গাছ শত্রুতা করে নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার কোনো এক সময় সেখানে লাগানো ৮৫টি গাছ দুর্বৃত্তরা বিনষ্ট করে ফেলে। বৃহস্পতিবার সেটা সবার নজরে আসে।
গাছগুলোর কোনোটার মাথা ভেঙে ফেলা হয়েছে, কোনোটা আবার গোড়া থেকে কেটে ফেলা হয়েছে।
কয়েক মাস আগে এই গাছগুলো রোপণ করেছিলেন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’ নামের একটি পরিবেশবাদী সংগঠনের কর্মীরা।
বৃহস্পতিবার সংগঠনের উপদেষ্টা তৈয়বুল আজহার বলেন, “গাছগুলোকে নির্মমভাবে খুন করা হয়েছে। অমানবিক মানুষ পরিচয়ধারীরা হয়ত জানেই না যে, এই পৃথিবীটা শুধু মানুষের নয়, বৃক্ষ এবং অন্যান্য প্রাণীদেরও আবাসস্থল।”
সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব পাল বলেন, “পূর্ব পরিকল্পিতভাবে আমাদের রোপিত বাড়ন্ত চারাগুলো বিনষ্ট করা হয়েছে। আমরা প্রশাসনের সঙ্গে দেখা করে এ বিষয়ে প্রতিকার চাইব।”
সংগঠনের কর্মী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মাহবুব সিদ্দিকী রুমেল বলেন, “দুই-তিন মাস আগে বিদ্যালয় মাঠের ওয়াকওয়ের পাশে নিম, অর্জুন, আমলকি, হরিতকি, বহেরা, দেবদারু, জারুল, বকুল, ডেউয়া, রুদ্র পলাশ, হলুদ শিমুল, কদম, জাম, কুম্ভি, তেঁতুল, মেহেদী, কাঠবাদাম ও তমালের ৮৫টি গাছ রোপণ করি।
“সবগুলো গাছ বাঁশ দিয়ে বাঁধা ছিল। গাছগুলো সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠেছিল। বুধবার পূর্ব পরিকল্পিতভাবে ৮৫টি গাছই হত্যা করেছে দুর্বৃত্তরা। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি”, যোগ করেন মাহবুব সিদ্দিকী।
মানিকগঞ্জ সদর থানা ওসি আব্দুর রউফ সরকার বলেন, “আপনার মাধ্যমে বিষয়টি জানলাম, গাছ কাটা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”