২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া-৫: নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়াল ঈগল

সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, “উনি (প্রার্থী) সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ব্যালট পেপারে তার নাম ও প্রতীক থাকবে।”

ব্রাহ্মণবাড়িয়া-৫: নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়াল ঈগল

মমিনুল হক সাঈদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 07:42 PM

Updated : 24 Dec 2023, 10:13 PM

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী।

রোববার থেকে নৌকার প্রার্থী ফয়জুর রহমানের পক্ষে প্রচার চালাচ্ছেন বলে জানান ঈগলের প্রার্থী মমিনুল হক সাঈদ। 

জানতে চাইলে সাঈদ বলেন, “কোনো ধরনের চাপে পড়ে নয়, নৌকার স্বার্থে আমি নির্বাচন থেকে সরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়েছি। যেহেতু এখন আর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ নেই, সেহেতু আমি নিজে সশরীরে নৌকার পক্ষে প্রচারণা চালিয়ে ভোটারদের আমার সরে যাওয়ার বিষয়টি অবগত করছি।”

তিনি আরও বলেন, “আমি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলাম। তাই যথাসময়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারিনি। তবে ইতোমধ্যে নির্বাচন কমিশনকে আমার সরে দাঁড়ানোর বিষয়টি জানিয়েছি।”

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর ফরহাদ বলেন, “যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পেরিয়ে গেছে, সেহেতু এখন আর কোনো প্রার্থীর অফিসিয়ালি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই। ওনি (সাঈদ) ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ব্যালট পেপারে তার নাম এবং প্রতীক থাকবে।”

৪ লাখ ৩২ হাজার ৩০৭ ভোটারের আসনটিতে মমিনুল হক সাঈদ বাদে আওয়ামী লীগের প্রার্থী ফয়জুর রহমান, জাতীয় পার্টির মোবারক হোসেন, ইসলামী ঐক্যজোটের মেহেদী হাসান, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. জামাল সরকার, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কদ্দুস এবং তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান প্রার্থী হয়েছেন।