জয়পুরহাটে পৃথক ঘটনায় ৩ জনের অপমৃত্যু
এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্টে ও গ্যাস বড়ি খেয়ে দুই গৃহবধূ এবং গাছচাপায় এক যুবকের মৃত্যু হয়।
জয়পুরহাটে পৃথক ঘটনায় দুই নারীসহ তিনজনের অপমৃত্যু হয়েছে। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্টে ও গ্যাস বড়ি খেয়ে দুই গৃহবধূ এবং গাছচাপায় এক যুবকের মৃত্যু হয়।
রোববার জয়পুরহাট সদর, কালাই ও আক্কেলপুর উপজেলায় অপমৃত্যুর ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পরিদর্শক জানান।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, উপজেলার তেঘর বিশা গ্রামে নিজের বাড়িতে ইজিবাইকের ব্যাটারিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে চার্জ দিচ্ছিলেন রাজু হোসেন নামে এক ব্যক্তি। এ সময় একটি ছেঁড়া তারে স্পর্শ লেগে তার স্ত্রী সুমাইয়া (৪০) বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালের নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।
এদিকে, আক্কেলপুর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, “আমানপুর গ্রামের হীরামণি (২৮) নামে এক গৃহবধূ এনজিও ঋণে জর্জরিত ছিলেন। ঋণের কারণে গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।“
“এ ঘটনায় নিহতের স্বামী মাসুদ রানা বাদী হয়ে থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
অন্যদিকে কালাই থানার পরিদর্শক এস এম মঈনুদ্দীন জানান, পৌর শহরের সড়াইল এলাকায় এম ইসরাত হিমাগার চত্বরে একটি উঁচু গাছের ডালে চড়ে ঝড়ে ভেঙে পড়া অপর একটি গাছের ডাল কাটছিলেন শহিদুল ইসলাম (৩৯) নামের এক যুবক। এ সময় পাশে থাকা অন্য একটি মরা গাছ তার ওপর ভেঙে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শহিদুল ইসলাম ওই এলাকার প্রয়াত মফিজ উদ্দিনের ছেলে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
