২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

একসপ্তাহ আগে ওই এলাকায় বিদ্যুতের নতুন লাইন টানা হয়; তবে তারে কভার লাগানো হয়নি বলে জানায় বিদ্যুৎ বিভাগ।

চাঁদপুরে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

চাঁদপুর সদর হাসপাতালে নিহত স্কুল ছাত্রের স্বজনদের ভিড়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 10:10 PM

Updated : 10 Oct 2023, 10:10 PM

চাঁদপুর সদরে বাড়ির ছাদে খেলা করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে সদর উপজেলার নাজির পাড়ার সুফিয়া মঞ্জিলের ছাদে এ ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মো. মুহসীন আলম জানান।

নিহত ১৫ বছর বয়সি জুনায়েদ আহমেদ মজুমদার ফরিদগঞ্জ উপজেলার দলমগর গ্রামের বিজিবির ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর হোসেন মজুমদারের ছেলে। সে শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল। তারা ওই বাসায় ভাড়া থাকেন।

প্রতিবেশী মারুফ হোসেন বলেন, প্রতিদিন ওই বাড়িতে ছাদে বেশ কয়েকজন শিক্ষার্থী খেলাধুলা করে। আজও তারা সেখানে খেলা করছিল। বিকাল সাড়ে ৪টার দিকে জুনায়েদ বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে হাত দিলে গুরুতর আহত হয়।

পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী বলেন, “খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা মরদেহ ছাদ থেকে নামিয়ে নেয়। যে কারণে ঘটনার কোনো দৃশ্য আমরা দেখতে পাইনি।”

তিনি আরও বলেন, “ওই মহল্লার এক সপ্তাহ আগে নতুন বিদ্যুৎ সরবরাহ লাইন টানা হয়েছে। তারগুলোর কভার এখনো লাগানো হয়নি। তবে মহল্লাবাসীকে বিদ্যুৎ বিভাগ থেকে সতর্ক করা হয়েছিল।”

ওসি মুহসীন আলম বলেন, “দুর্ঘটনার খবর পেয়েছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”