যশোর বিশ্ববিদ্যালয়ে ৯ কর্মকর্তা-কর্মচারীর ‘জাল সনদে’ চাকরির অভিযোগ
এর মধ্যে ছয়জন কর্মকর্তা আর তিনজন কর্মচারী।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত নয় জন কর্মকর্তা-কর্মচারী ‘জাল সনদে’ চাকরি করছেন বলে প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে তদন্ত কমিটি; তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আব্দুর রশিদ জানান।
এর আগে সনদ যাচাই সংক্রান্ত তিনটি আলাদা কমিটি রিজেন্ট বোর্ডে তাদের প্রতিবেদন পেশ করে। রিজেন্ট বোর্ড সেসব প্রতিবেদন গ্রহণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায়।
‘জাল সনদধারী’ ছয় কর্মকর্তা হলেন- সেকশন অফিসার (গ্রেড-১) মো. মহিদুল ইসলাম, টেকনিক্যাল অফিসার মো. হেলালুল ইসলাম, টেকিনিক্যাল অফিসার মো. জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) মো. জাহাঙ্গীর আলম, সেকশন অফিসার (গ্রেড-২) মো. সাকিব ইসলাম, সেকশন অফিসার (গ্রেড-২) মোছা. হাসনা হেনা।
তিন কর্মচারী হলেন- মেকানিক মো. জাকির হোসেন, সিনিয়র ক্লিনার দিলীপ হরিজন, ক্লিনার বাসুদেব দাস।
উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আবু ইউসুফ মিয়া, যুগ্ম সচিব (উন্নয়ন-৩) সৈয়দা নওয়ারা জাহান, সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ, যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহম্মদ, ইউজিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট ডা. এম এ রশীদ, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আহসান হাবীব, বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার, রিজেন্ট বোর্ডের সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব।
