২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে দশআনি নদীর ভাঙনের কবলে বাড়ি-জমি, আতঙ্ক

হুমকির মুখে আছে ৭ নম্বর চরের বাজার, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদসহ শতাধিক বাড়িঘর।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2023, 08:47 PM

Updated : 18 Aug 2023, 08:47 PM

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর সদর উপজেলায় দশআনি নদীর ব্যাপক ভাঙন শুরু হয়েছে।

এক সপ্তাহ ধরে কামারের চর ইউনিয়নে ভাঙন অব্যাহত থাকায় এরই মধ্যে প্রায় এক কিলোমিটার এলাকার বেশকিছু ঘরবাড়ি, ভিটেমাটি, বৈদ্যুতিক খুঁটি, গাছপালা, কয়েকটি টিউবওয়েল ও শতাধিক একর আবাদি জমি নদীগর্ভে চলে গেছে।

উপায় না পেয়ে অনেকেই ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এ ছাড়া এখনও হুমকির মুখে আছে ৭ নম্বর চরের ৪০ বছরের পুরনো বাজার, এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদসহ শতাধিক বাড়িঘর।

এ ব্যাপারে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস বলেন, “আমি এরই মধ্যে ৭ নম্বর চর এলাকা নিজে পরিদর্শন করেছি। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েক বছরের ভাঙনে মূল নদীর গভীরতা কমে গেছে। গতিপথ পরিবর্তিত হয়ে নদী এখন লোকালয়ের দিকে ধেয়ে আসছে। মূল নদী থেকে পাড় শতাধিক মিটার ভেঙে গেছে। বেশ কিছু বাড়ির নলকূপ ও টয়লেট নদীতে চলে গেছে।

৭ নম্বর চর গ্রামের গৃহিনী আনোয়ারা খাতুন কান্না জড়িত কণ্ঠে বলেন, “নদী ভিটামাটি ভাইঙ্গা নেওয়ায় তিনবার বাড়িঘর ভাঙচুর করলাম। এহন আমার ঘরবাড়ি হুদ্দাই গেছে গা। কারেন্টের খাম্বা, টিউবুল গেছে গা। এহন আমি নদীর পানি খাইতাছি। নদী আমার সব কিছু নিছে গা। অহন আমার কিছু নাই।”

একই গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, “পাহাড়ি ঢল আইসা আমরার গ্রামডা ভাইঙ্গা যাইতাছে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ নদীতীরে অতি দ্রুত পাইলিংয়ের ব্যবস্থা করে আমাদের গ্রামডা রক্ষা করা হোক।”

কামারের চর ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম বলেন, “দশআনি নদীর ভাঙনে অনেক ফসলি জমি নদীতে চলে গেছে। অনেকগুলি বাড়িও গেছে। যেমন- মণ্ডল মেম্বার, হাকিম, সিরাজ মোল্লার বাড়িসহ ২০ থেকে ৩০টি বাড়ি ভেঙে গেছে।

“বর্তমানে একমাত্র সরকারি প্রাইমারি স্কুল, বাজার, মসজিদ ও মাদ্রাসা হুমকির মুখে আছে। দ্রুত পাইলিংয়ের ব্যবস্থা নিলে এই প্রতিষ্ঠানগুলো রক্ষা করা সম্ভব হবে।”

কামারের চর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সাইফুদ্দিন মণ্ডল বলেন, “ব্রহ্মপুত্রের শাখা দশআনি নদী বছর বছরই ভাঙে। তিন-চারবার আমার বাড়ি সরাই নিয়া আইলাম। এহন আমার আর কোনো জায়গা নাই।

“আইজকা ২০-২৫ হাত জাগা ভাইঙ্গা বিদ্যুতের খুঁটি ও টিউবওয়েলডা নাইমা পড়ছে। এহন থাহুনের মত কোনো জায়গা নাই। আমরা উধাও অইয়া যাইতাছি গা।”  

কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, “গতবারের ভাঙনে পানি উন্নয়ন বোর্ডকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেয়নি। এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনওকে এনে সরেজমিন পরিদর্শন করিয়েছি। আশা করি, এবার ব্যবস্থা হবে।”