২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটের ২০% এলাকা এখনও বিদ্যুৎহীন

সন্ধ্যার মধ্যে সব গ্রাহক বিদ্যুৎ পেতে পারে বলে আশা করছে পল্লী বিদ্যুৎ সমিতি।

বাগেরহাটের ২০% এলাকা এখনও বিদ্যুৎহীন

পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 04:40 PM

Updated : 26 Oct 2022, 05:08 PM

ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানার ৪৮ ঘণ্টা পর উপকূলীয় জেলা বাগেরহাটে সঞ্চালন লাইন মেরামত করে ৮০ শতাংশ এলাকায় সংযোগ দিতে পেরেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

সিত্রাং সোমবার সন্ধ্যা থেকেই উপকূলীয় এলাকায় আঘাত হানে। নিরাপত্তার কারণে তার আগ থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল অনেক জেলায়।

বাগেরহাট জেলার নয় উপজেলার পৌনে তিন লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। ঝড়ে পল্লী বিদ্যুতের ২০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়, ৫০টি হেলে পড়ে এবং ১৬টি ট্রান্সফরমার একেবারেই নষ্ট হয়ে যায়। 

বুধবার বিকালে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন) শরীফ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলায় পল্লী বিদ্যুতের আওতায় মোট দুই লাখ ৭৫ হাজার গ্রাহক রয়েছেন। দুর্ঘটনা এড়াতে ঝড়ের আগের দিন বিকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। ফলে গ্রাহকরা বিদ্যুৎহীন হয়ে পড়েন।

“ঝড়ের পর সমিতির কর্মীরা রাতদিন কাজ করে ৮০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পেরেছে। বাকি ২০ শতাংশ এলাকায় কাজ চলছে। সন্ধ্যা নাগাদ সরবরাহ নিশ্চিত করতে পারব বলে আশা করছি।”