২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে কৃষককে ‘পিটিয়ে হত্যা’

পূর্বশত্রুতার জেরে ১০-১২ জন মিলে তাকে হত্যা করে বলে পরিবারের অভিযোগ।

কক্সবাজার প্রতিনিধি

Published : 26 Jul 2022, 01:03 PM

Updated : 26 Jul 2022, 01:03 PM

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

তবে নিহতের শরীরে ‘আঘাতের তেমন চিহ্ন নেই’ বলে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌহিদুল ইসলাম জানিয়েছেন।

নিহত জাফর আলম (৬০) উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ছনখলা স্টেশন এলাকার নজির আহমদের ছেলে।

জাফর আলমের স্ত্রী জ্যোৎস্না আক্তার অভিযোগ করেন, জাফর চকরিয়া আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে পিটিয়ে হত্যা করা হয়।

“পূর্বশত্রুতার জেরে ওত পেতে থাকা ১০-১২ জন লোক লোহার রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে হত্যা করে তাকে। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তবে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান।

চিকিৎসক তৌহিদুল ইসলাম বলেন, “জাফর আলমের শরীরে আঘাতের তেমন চিহ্ন নেই। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।”

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে পেকুয়া থানার ওসি ফরহাদ আলী জানিয়েছেন।