২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুচ্ছ ঘটনায় মারামারি, কাঠের আঘাতে প্রাণ হারাল শিশু

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গরুতে প্রতিবেশীর শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 08:59 PM

Updated : 16 Feb 2023, 08:59 PM

ময়মনসিংহের ধোবাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঠের আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান।

তিন মাস বয়সী শিশুটি উপজেলার পশ্চিম সানন্দখিলা গ্রামের রহমত আলী ভূঁইয়া ওরফে মোরশেদ আলীর ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে রোজিনা আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোজিনা একই এলাকার মো. রনি মিয়ার স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে থানার পরিদর্শক বলেন, গত বুধবার সকালে ওই গ্রামের রোজিনা খাতুনের গরু প্রতিবেশী দুলাল মিয়ার শিম গাছ খেয়ে ফেলে। দুলাল মিয়ার স্ত্রী জায়দা খাতুন বিষয়টি রোজিনার স্বামী রনি মিয়াকে জানাতে যান।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রোজিনা ও রনি জায়েদা খাতুনকে লাঠি নিয়ে মারতে যান।

এ সময় তিনি (জায়েদা খাতুন) প্রাণের ভয়ে আরেক প্রতিবেশীর বাড়িতে গিয়ে উঠেন। রোজিনা খাতুন ও রনি সেখানে গিয়েই কাঠের টুকরো দিয়ে জায়েদা খাতুনের মাথায় আঘাত করেন। 

থানার পরিদর্শক আরও জানান, প্রতিবেশী মোরশেদ আলীর স্ত্রী শিল্পী আক্তার তার কোলে থাকা ৩ মাস বয়সী শিশুকে নিয়েই জায়েদাকে বাঁচাতে এগিয়ে যান।

এতে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কাঠের টুকরো দিয়ে শিল্পী আক্তারের মাথায় আঘাত করতে যান রোজিনা আক্তার।

এ সময় শিল্পী আক্তার পড়ে গেলে রোজিনার কাঠের টুকরোর আঘাত  কোলে থাকা শিশুটির মাথায় লাগে।

অন্য প্রতিবেশিরা মাসহ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে বুধবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

পরিদর্শক জামাল উদ্দিন আরও বলেন, রোজিনা আক্তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।