গোপালগঞ্জে গ্যাস ভরতি ৫৯৬ সিলিন্ডারসহ ট্রাক ‘ছিনতাই’
‘ছিনতাই’ হওয়া গ্যাসের মূল্য সাড়ে ১৫ লাখ টাকা বলে গ্যাস ব্যবসায়ী মামুন মুন্সী জানান।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গ্যাস ভরতি ৫৯৬টি সিলিন্ডারসহ একটি ট্রাক ছিনতাইয়ের খবর দিয়েছে পুলিশ।
গত বুধবার গভীর রাতে গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের বেলতলা বাজার এলাকা থেকে ট্রাকটি ছিনতাই হয় বলে কাশিয়ানী থানার ওসি ফিরোজ আহম্মেদ জানান।
গ্যাস ব্যবসায়ী মামুন মুন্সী সাংবাদিকদের জানান, একটি ট্রাক (ঢাকা মেট্টো ট: ১৫-৫৯২৮) মোংলা থেকে ওমেরা কোম্পানির প্রতিটি ১২ কেজি ওজনের ৫৯৬টি গ্যাস সিলিন্ডার নিয়ে রাত পৌনে ১২টার দিকে কাশিয়ানীর বেলতলা বাজারে আসে। ট্রাকটি রেখে চালক বাড়ি যান।
“এ সময় ছিনতাইকারীরা একটি পিকআপ নিয়ে এসে বাজারের পাহারাদার রমজান সিকদারের মুখ গামছা দিয়ে বেঁধে ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।”
গ্যাসের মূল্য সাড়ে ১৫ লাখ টাকা বলে মামুন মুন্সী জানান।
তিনি আরও জানান, ছিনতাইকারীরা ট্রাক নিয়ে ঢাকার দিকে যায়। সিসি ক্যামেরায় রাত ১টা ৫৫ মিনিটে ভাঙ্গা হাইওয়ে টোল প্লাজা অতিক্রম করে দেখা যায়।
ওসি ফিরোজ আহম্মেদ জানান, বিষয়টি নিয়ে তারা কাজ করছেন।
