‘প্রেমে সাড়া না পেয়ে’ ছাত্রীর গাল কেটে দেওয়ার অভিযোগ
পুলিশ জানায়, প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে মেয়েটির গালে ক্ষুর দিয়ে কয়েকটি পোচ দিয়ে পালিয়ে যান হামলাকারী।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় `প্রেমে সাড়া না পেয়ে' কলেজছাত্রীর গাল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে।
শনিবার সকাল ৯টার দিকে গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার ওসি জানান।
জাহিদ হোসেন (১৮) নামের ওই তরুণ উপজেলার উথুরা শিবগঞ্জ বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ১৭ বছর বয়সী ওই কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিলেন জাহিদ। শনিবার সকালে জাহিদ ও তার কয়েকজন সহযোগী কলেজ গেইটের সামনে অবস্থান নেন।
“এ সময় ওই ছাত্রী গেইটের সামনে এলে তার পথরোধ করে আবারও প্রেমের প্রস্তাব দেন জাহিদ। কিন্তু তাতে সাড়া না পেয়ে মেয়েটির গালে ক্ষুর দিয়ে বেশ কয়েকটি পোচ দিয়ে জখম করেন পালিয়ে যান জাহিদ ও তার সহযোগীরা।”
ওসি ফারুক জানান, পরে ছাত্রীটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ না দিলেও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
