২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের চারজনের

অটোরিকশাটি বের করতে গেলে অসাবধানতাবশত সেটি বিদ্যুতায়িত হয়; এতে জামালও বিদ্যুৎস্পৃষ্ট হন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2023, 06:16 PM

Updated : 30 Dec 2023, 06:48 PM

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বীরঘোষপালা গ্রামে এ ঘটনা ঘটে বলে নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ জানান।

নিহতরা হলেন- গ্রামের ইজিবাইক চালক জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), শিশুকন্যা আনিকা আক্তার (৪) ও মোছা. ফাইজা (৬)।

চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া বলেন, দরিদ্র জামাল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বিকালে ঘর থেকে অটোরিকশাটি বের করতে গেলে অসাবধানতাবশত সেটি বিদ্যুতায়িত হয়। এতে জামালও বিদ্যুৎস্পৃষ্ট হন।

জামাল চিৎকার দিলে তার মেয়ে আনিকা ও ফাইজা দৌঁড়ে বাবার কাছে যায় এবং তাকে স্পর্শ করে তারাও বিদ্যুতায়িত হন।

এটা দেখে আনোয়ারা বেগম দৌড়ে ছেলে ও নাতনিদের বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এবং সবাই ঘটনাস্থলেই মারা যান।

চারজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান শাহাব উদ্দিন।

নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ বলেন, চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।