মানিকগঞ্জে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা শেষে লাঠিখেলা ও সাপখেলা
নতুন বছরকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় বৈশাখী উৎসব।
উৎসাহ উদ্দীপনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে পালিত হচ্ছে বর্ষবরণ। নতুন বছরকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় বৈশাখী উৎসবের।
১৪৩০ বঙ্গাব্দকে বরণের এই উৎসবে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, লাঠিখেলা, সাপখেলা, সাংস্কৃতিক পরিবেশনাসহ ছিল নানা আয়োজন।
শুক্রবার সকাল ৭টায় বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়।শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে সকাল পৌনে ৭টায় উপজেলা পাবলিক লাইব্রেরির পাঠকরা লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে পাটগ্রাম মাঠে এসে জড়ো হন।
পরে উপজেলা চত্বরে লাঠিখেলা ও সাপখেলা দেখানো হয়েছে। সকাল সাড়ে ৮টায় লাঠিখেলা দেখান বদুরদ্দিনের দল। পরে সকাল ৯টায় সাপুড়ে নবীন বিশ্বাস সাপ খেলা দেখান।
বৈশাখী উৎসবের উপজেলার আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কয়েক শত শিক্ষার্থী, হরিরামপুর উপজেলা পাবলিক লাইব্রেরির সদস্যরা উপস্থিত ছিলেন।
বর্ষবরণের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান। তিনি বলেন, “আধুনিকতার ছোঁয়ায় আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সাপ খেলা হারিয়ে যাচ্ছে। আর তাই হারিয়ে যাওয়া লাঠিখেলা ও সাপ খেলাকে বাঁচিয়ে রাখতে আমাদের এই আয়োজন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব (অতিরিক্ত জেলা জজ) তৈয়বুল আজহার উজ্জল, হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিকুজ্জামান।
