Published : 24 Jul 2023, 09:06 PM
আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়ক চালু হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য আরও বাড়বে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
তিনি বলেন, “এই মহাসড়ক নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। আমরা চেষ্টা করছি যেন দ্রুত এ প্রকল্পের কাজ শেষ করা যায়।”
সোমবার আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক গভীর। তাই আমরা দ্রুত প্রকল্পের কাজটি শেষ করতে চাই। যাতে করে বাংলাদেশের মানুষ দ্রুত এই প্রকল্পের সুফল ভোগ করতে পারেন। সেজন্যই আমি প্রকল্পের কাজ দেখতে এসেছি। আমরা সম্মিলিতভাবে এই প্রকল্পের কাজ এগিয়ে নেব।”
এ সময় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এই মহাসড়ক প্রকল্পের পরিচালক শোয়েব আহমেদ, অতিরিক্ত প্রকল্প পরিচালক খালেদ সাহিদ, ব্রাহ্মণবাড়িয়ার অতিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেনের জাতীয় মহাসড়কে উন্নীত করার প্রকল্পটি ২০১৭ সালে একনেকে অনুমোদন পায়। তবে ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পের কাজ কিছুটা দেরিতে শুরু হয়।
কোভিড মহামারিসহ নানা জটিলতায় র্নিধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় তিন দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। ২০২৫ সালের জুনে যা শেষ হবে।
প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৭৯১ কোটি টাকা। ভারতের ঋণ সহায়তা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।