সিলেটে মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
ছেলেকে নিয়ে বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন ফলিক আহমদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সম্পর্কে তারা বাবা-ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের পরচক বটরতল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান।
নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার নারাপিংয়ের শেরপুরের মৃত আসাব আলীর ছেলে ফলিক আহমদ (৪৫) ও তার ছেলে শাহিন আহমদ (৮)।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশায় ফলিক আহমদ বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে পরচক বটরতল এলাকায় পৌঁছার পর অটোরিকশাটির সঙ্গে একটি মাইক্রোবাসের (লাইটেস) সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই নিহত হয় শিশু শাহিন। আর গুরুতর আহত ফলিক আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হলেও মাইক্রোবাস ও চালক পালিয়ে গেছে। এই গাড়িটি সনাক্ত করার চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান ওসি।
