কার্বন নিঃসরণকারী দেশগুলোকে সাতক্ষীরাবাসীর লাল কার্ড
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশের উপকূলীয় জেলায় নানামুখী সংকট সৃষ্টি হয়েছে বলেও জানান তারা।
‘জলবায়ু ন্যায্যতার দাবিতে’ কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতি লালকার্ড প্রদর্শন করেছে সাতক্ষীরার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বৃহস্পতিবার সকালে জেলা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি সংস্থা বারসিক ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত মানববন্ধনে এই লালকার্ড প্রদর্শন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, উন্নত দেশগুলো অধিক হারে কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরও প্রতিশ্রুত ক্ষতিপূরণ দিচ্ছে না, এমনকি কার্বন নিঃসরণের হার কমাতে তাদের দৃশ্যত কোনো উদ্যোগ নেই।
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশের উপকূলীয় জেলায় নানামুখী সংকট সৃষ্টি হয়েছে বলেও জানান তারা।
কার্বন নিঃসরণকারী দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উল্লেখ করে প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবিও জানানো হয় মানববন্ধনে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
