১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাওরে ভেলা ভাসিয়ে জলবায়ু ঝুঁকির চিত্র তুলে ধরলেন কৃষকরা

সুনামগঞ্জে জলবায়ু ঝুঁকির জন্য দায়ী রাষ্ট্রগুলোর কাছে কৃষকরা ক্ষতিপূরণ দাবি করেছেন।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 11:07 PM

Updated : 14 Oct 2023, 11:07 PM

সুনামগঞ্জের হাওরে ভেলা ভাসিয়ে বিপন্ন জীবন ও হাওরের কৃষি অর্থনীতির বিপন্নতার চিত্র তুলে ধরেছেন কৃষকরা। পাশাপাশি তুলে ধরেছেন নানা দাবি দাওয়া-দাওয়াও।

ভেলায় দৈনন্দিন জীবনযাপনের চিত্র তুলে ধরে তারা জলবায়ু ঝুঁকির জন্য দায়ী রাষ্ট্রগুলোর কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

শনিবার সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কানলার হাওরে এমনই এক ব্যতিক্রমী কর্মসূচি দেখা গেছে। সুনামগঞ্জের উন্নয়ন সংগঠন হাউস, ক্লিন ও বিডব্লিউজিইডির এ কর্মসূচির আয়োজন করে।

বৃন্দাবননগর গ্রামের কৃষক আজাফর আলী বলেন, “জলবায়ু ঝুঁকিতে আছে হাওরের দুই কোটিরও বেশি বাসিন্দা। আমাদের চাষবাস ও জীবনযাপনের স্বাভাবিক চিত্র আগের মত নেই। আগাম বন্যা, খরায় প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি।

“এতে বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে বিপন্ন হয়ে পড়ছি আমরা। হাওরের সমৃদ্ধ জীবন হারিয়ে আমরা এখন কষ্টে আছি। জলবায়ুজনিত পরিবর্তন আমাদের বিপন্ন করে তুলেছে। কিন্তু আমরা কোনো ক্ষতিপূরণ পাচ্ছি না।”

অপর কৃষক কবীর হোসেন বলেন, “আমরা রান্নার থালা বাসন, বিছানাপত্র, সন্তানদের নিয়ে কানলার হাওরে কলাগাছের ভেলায় চড়ে প্রতিদিনের জীবনের লড়াই তুলে ধরেছি। পরিবর্তিত প্রাকৃতিক কারণে আমরা কতটা অসহায় ও ক্ষতিগ্রস্ত হচ্ছি কেউ জানে না। আমাদের স্বাভাবিক জীবনযাপন পাল্টে গেছে।”

আয়োজকরা জানান, কৃষকদের এমন ব্যতিক্রমী প্রতীকী জীবনযাপনের চিত্র দেখতে আশপাশের মানুষজন হাওরে ভিড় করেন। এ সময় হাওরের কৃষক ও জেলেরা জলবায়ু পরিবর্তনের কারণে তাদের কৃষি অর্থনীতিতে কী কী প্রভাব পড়েছে তা তুলে ধরেন। পাশাপাশি ক্ষতিপূরণের ন্যায্যতা তুলে ধরেন।

খাদ্য স্বাধিকারের জন্য জীবাশ্ম জ্বালানি বন্ধ, কৃষি জমিতে জীবাশ্ম জ্বালানিভিত্তিক স্থাপনা না করা, নবায়নযোগ্য জ্বালানি এবং খাদ্য স্বাধিকারের জন্য বিজলী কৃষি নীতি প্রণয়ন, নবায়নযোগ্য জ্বালানির জন্য ভূমি ইজারা নীতি প্রণয়নসহ নানা দাবি তুলে ধরেন কৃষকরা।

অনুষ্ঠানের উদ্যোক্তা হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ বলেন, “জলবায়ু ঝুঁকিতে আছে হাওরের কৃষক ও জেলে। প্রতিদিন এর প্রভাবে তারা বিপন্ন হয়ে পড়ছেন। তাদের দাবিগুলো কেউ তুলে ধরছে না।

“আমরা দুর্গম এলাকায় এসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে হাওরে ভেলা ভাসিয়ে তাদের জীবনযাপন তুলে ধরেছি। তারা তাদের বঞ্চনা ও ন্যায্যতার কথা তুলে ধরেছেন।”