২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলের জালে ২০ কেজির বাঘাইড়, বিক্রি ২৩ হাজারে

জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলের জালে ২০ কেজির বাঘাইড়, বিক্রি ২৩ হাজারে

দৌলতদিয়া মৎস আড়তের ব‍্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ২৩ হাজার টাকায় বেঁচে দেন। 

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 03:47 PM

Updated : 22 Aug 2022, 04:00 PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় জেলের জালে ২০ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। পরে মাছটি ২৩ হাজার টাকায় বিক্রি করা হয়।

সোমবার ভোরে উপজেলার দৌলতদিয়া ৭নম্বর ফেরিঘাট এলাকায় জেলে জমির হালদারের জালে মাছটি আটকা পড়ে। পরে দৌলতদিয়া মৎস আড়তে নিয়ে গেলে স্থানীয় মাছ ব‍্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কিনে নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জমির বলেন, ভোরে তিনিসহ কয়েকজন পদ্মা নদীতে মাছ শিকার করতে যান। নদীর বিভিন্ন স্থানে জাল ফেললেও কোনো মাছ ধরা পড়ছিল না। পরে সকাল ৬টার দিকে ৭ নম্বর ফেরিঘাট এলাকায় তারা জাল ফেলেন।

এক পর্যায়ে জাল টেনে তোলার সময় ঝাঁকুনিতে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। জাল তুলতেই দেখতে পান একটি বাঘাইড় মাছ। পরে দৌলতদিয়া মৎস আড়তে এনে দেখা যায় সেটির ওজন ২০ কেজি।

Image

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলেদের জালে মাছটি আটকা পড়ে।

মাছ ব‍্যবসায়ী শাহজাহান শেখ বলেন, রওশন মোল্লার আড়ত ঘর থেকে নিলামের মাধ্যমে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২২ হাজার টাকায় মাছটি কেনেন তিনি। পরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ২৩ হাজার টাকায় বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলা মৎস‍্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, “এ সব মাছ নদীর গভীরে বসবাস করে। পদ্মার পানি বাড়ার কারণে খাবারের সন্ধ‍ানে এরা ওপরে চলে আসলে জেলেদের জালে আটকা পড়ে।

“বছরের নিদিষ্ট সময়ে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকার কারণে মাছ গুলো বড় হওয়ার সুযোগ পায়। এসব বড় বড় এসব মাছ বিক্রি করে জেলেরাও অর্থিকভাবে লাভবান হচ্ছেন।”

তবে বিপন্ন প্রজাতির বাঘাইড় মাছ মাছ ধরা ও বেচাকেনা করা দণ্ডনীয় অপরাধ জনিয়ে তিনি বলেন, এ বিষয়ে মৎস বিভাগ থেকে কোনো পরিপত্র তারা পাননি। ফলে কোনো ব‍্যবস্থা গ্রহণ করতে পারছেন না।