জয়পুরহাটে গৃহবধূ হত্যা মামলার ১৪ বছর পর দুই ভাইয়ের যাবজ্জীবন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গৃহবধূ হত্যা মামলার ১৪ বছর পর দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার বিকালে জেলা ও দায়রা জজ নূর ইসলাম এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের প্রয়াত আব্দুস ছালামের ছেলে দুলাল হোসেন এবং আওলাদ হোসেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।
যাবজ্জীবন ছাড়াও তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে; যা অনাদায়ে আরও এক বছর করে কারাবাসে থাকতে হবে।
মামলার নথি থেকে জানা যায়, ওই গ্রামের কোরবান আলী সরদারের সঙ্গে আসামিদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। এর জেরে ২০০৮ সালের ২ অক্টোবর আসামিরা কোরবান আলীর ছেলে কোব্বাত ও ছেলের বউ হাছিনা বেগমকে মারপিট করেন।
সে দিন রাতে হাছিনা বেগম তার সাত বছর বয়সী ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমোচ্ছিলেন। সে সময় আসামিরা হাছিনার ঘরে ঢুকে তাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যান।
ঘটনার পরদিন গৃহবধূ হাছিনার শ্বশুর ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন।
২০০৯ সালের ২৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হান্নান।
