মানিকগঞ্জে পাইকারি-খুচরা বাজারে কমেছে পেঁয়াজের দাম
নতুন পেঁয়াজ পাইকারিতে কেজিপ্রতি ৭৫-৮৫ টাকায় ও পুরাতন পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ।
মানিকগঞ্জের অন্যতম বড় আড়ত ঝিটকায় দুই দিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কেজি প্রতি ৫০-৬০ টাকা কমছে। এ ছাড়া খুচরা বাজারেও কমেছে পেঁয়াজের দাম।
ওই আড়তে প্রতিদিন ১০০-১২০ মেট্রিক টন পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে জানান আড়তদাররা।
মঙ্গলবার সকালে হরিরামপুর উপজেলার ঝিটকা আড়তে সরেজমিনে দেখা যায়, গত দুইদিনে বাজারে পেঁয়াজের সরবরাহ প্রচুর বেড়েছে, তাই দাম কমে গেছে।
বর্তমানে পুরাতন পেঁয়াজ চার হাজার থেকে চার হাজার ৪০০ টাকা মণ এবং নতুন পেঁয়াজ তিন হাজার থেকে তিন হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে পেঁয়াজের দাম কমে যাওয়ায় পাইকারি ব্যবসায়ীরা লোকসানে পড়েছেন বলে দাবি করেছেন।
ওই আড়তের পাইকার মোল্লা অ্যান্ড সন্সের মালিক ছবেদ মোল্লা বলেন, “তিনদিনে চার ট্রাক পেঁয়াজে ১২ থেকে ১৪ লাখ টাকা লোকসান হয়েছে। সোমবার যে পেঁয়াজ ঢাকায় পাঠিয়েছি তা পাটুরিয়া ঘাটেই আছে। কুয়াশায় যাইতে পারেনি।
“আজ দাম অনেক কমে গেছে। তাহলে ওই পেঁয়াজ আজকের দামে বিক্রি করতে হবে। এভাবে তিনদিনে অনেক লোকসান হয়েছে।
মাসুম রোমান এন্টারপ্রাইজের মালিক রজ্জব আলী বলেন, “আজ বেশি পেঁয়াজ কিনিনি। ৭০ থেকে ৮০ মণ পেঁয়াজ কিনেছি। দাম কমছে, আবার লোকসানের ভয় আছে। এদিকে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়েছে।”
অন্যদিকে খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমেছে। ঝিটকা বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী রানা বলেন, “পেঁয়াজের দাম কেজিতে ৬০-৭০ টাকা কমেছে। আমার আগের কেনা তাই তাই কম দামে বেচতেছি।”
উপজেলার লেছড়াগঞ্জ বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী রফিক বলেন, “নতুন পেঁয়াজ খুচরায় ৯০-১০০ বিক্রি করা যাচ্ছে।”
ঝিটকা বাজারে আসা শিবালয় উপজেলার তাড়াইল গ্রামের কৃষক সাইফুল তিনি জানান, তিন বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ রোপণ করেছিলেন। এর আগে প্রতি মণ নতুন ওঠা পেঁয়াজ বিক্রি করেছেন চার হাজার ৬০০ টাকা করে।
তবে আজ পাইকাররা তিন হাজার ১০০ করে দাম করেছে। এখনও বিক্রি করেননি। পেঁয়াজ চাষে খরচ বেশি বলেও জানান তিনি।
হরিরামপুর উপজেলার গোরাইল গ্রামের কৃষক ছকেল উদ্দিন বলেন, “দুই মণ পেঁয়াজ নিয়ে আসছি। এখনও বিক্রি করিনি। দুই দিন আগে সাড়ে পাঁচ হাজার টাকা করে বেচছি। আজ চার হাজার ২০০ টাকা দাম বলতেছে।”
এ বিষয়ে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “আমরা জেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে অভিযানে ২৫ জনেরও বেশি ব্যবসায়ীকে জরিমানা করেছি। ভাটবাউর আড়তে মজুদকৃত ১০০ বস্তা পেঁয়াজ ন্যায্যমূল্যে বিক্রি করার ব্যবস্থা করেছি।”
তিনি আরও বলেন, “মঙ্গলবার বিভিন্ন আড়তে নতুন পেঁয়াজ পাইকারিতে কেজিপ্রতি ৭৫-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। আর পুরাতন পেঁয়াজ ১২০ টাকার মতো বিক্রি হচ্ছে। আমরা মনিটরিং করছি।”
হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, “ঝিটকা আড়তে পেঁয়াজের দাম পাইকারিতে ৫০ টাকার বেশি কমেছে। খুচরায়ও কমেছে। নতুন আগাম জাতের পেঁয়াজ ১০০ টাকার কমে বিক্রি হচ্ছে। পুরাতন পেঁয়াজ ১৫০ এর মধ্যে খুচরায় বিক্রি হচ্ছে।”
