ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেলো ভাই-বোনের
প্রাইভেটকারের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাককে ধাক্কা দেয়।
বগুড়া শিবগঞ্জ উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে এক নারী ও তার ভাই নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক যাত্রী।
উপজেলার মোকামতলা চকপাড়া এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের এসআই আলী জাহান জানান।
নিহতরা হলেন- বরিশালের হিজলার হরিনাথপুর এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী কুহেলী আক্তার (২৬) ও তার ছোট ভাই সিয়াম হোসেন (২০)।
আহত ব্যক্তির নাম হুমায়ুন কবির বলে জানালেও তার বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
নিহতের পরিবারের বরাতে এসআই বলেন, প্রাইভেটকারটি বগুড়া থেকে রংপুরে যাচ্ছিলেন। পথে প্রাইভেটকারটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাকে ধাক্কা দিলে তিনজন আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কুহেলী ও সিয়ামকে মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান আলী জাহান।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ছিলিমপুর ফাঁড়ির এএসআই রকিবুল হাসান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
