গাজীপুরে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যায় ভাই-ভাতিজারা গ্রেপ্তার
জমি নিয়ে বিরোধের জেরে দুই দিন আগে ওই শিক্ষককে তার ভাই-ভাতিজারা পিটিয়ে হত্যা করেন বলে জানায় র্যাব।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কলেজ শিক্ষককে হত্যা মামলায় তার দুই ভাই ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
সোমবার রাতে দুই দফা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।
গ্রেপ্তাররা হলেন- নিহত কলেজ শিক্ষক রেজা সাঈদ আল মামুনের (৫৫) ছোট ভাই মো. মজিবর রহমান (৫০), তার ছেলে মো. সুমন (২৮) ও মো. সিজান (২০) এবং নিহতের বড় ভাই মোহাম্মদ আলী (৬০)।
মেজর ইয়াসির আরাফাত বলেন, আসামিদের মধ্যে একজনকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর তিনজনকে সোমবার রাত ৩টার দিকে মহানগরীর কোনাবাড়ী এলাকার জয়ের টেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২৮ জানুয়ারি বিকালে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের সাজনধারা এলাকায় জমিতে আগাছা পরিষ্কার করছিলেন রেজা সাইদ। এ সময় ভাই ও ভাতিজাদের লাঠির আঘাতে তিনি মারা যান।
রেজা সাইদ ওই এলাকার প্রয়াত আফাজ উদ্দিনের ছেলে। তিনি চন্দ্রায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ছিলেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী হাসিনা আক্তার কালিয়াকৈর থানায় ওই চারজনকে আসামি করে মামলা করেন।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে র্যাবের ইয়াসির আরাফাত বলেন, “আসামি ও ভিকটিমের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকালে আসামিরা তাদের জমিতে আগাছা পরিষ্কার করতে যান।
“পরে রেজা সাইদও তার জমিতে যায়। সেখানে বড় ভাইয়ের নির্দেশে অন্যরা লাঠি ও দেশি অস্ত্র দিয়ে রেজা সাইদকে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।”
আসামিদের সংশ্লিষ্ট থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
আরও পড়ুন:
