২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সখীপুরের বেত বাগানে চিতাবাঘ?

বনবিভাগ বলছে, প্রাণীটি দেখতে চিতাবাঘের মত।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2022, 10:19 AM

Updated : 11 Sep 2022, 10:55 AM

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়ার প্রাকৃতিক বনের বেত বাগানে চিতাবাঘের মত এক প্রাণীর দেখা মেলায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সখীপুর হতেয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ জানান, শনিবার বিকালে চিতাবাঘের মত দেখতে ওই প্রাণীকে বেতবাগানের ভেতরে একটি সরু রাস্তায় বসে থাকতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হতেয়া এলাকার সালাম খাঁর ছেলে শাকিব শনিবার বেত বাগানের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার পথে ওই প্রাণীকে পথের মধ্যে বসে থাকতে দেখেন। পরে তিনি ছবি তুলে ফেইসবুকে পোস্ট দিলে তা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শাকিব বলেন, “হতেয়ার বনের মধ্যে লোকজন চলাচল করে। আমি সেখান দিয়ে যাওয়ার পথে হঠাৎ বাঘটিকে বসে থাকতে দেখে ছবি তুলি।”

হতেয়ার বাজারের মা ফার্মেসির মালিক সজিব বলেন, শাকিব বাঘের ছবি তুলে বাজারে এসে তা লোকজনদের দেখায়। এরপর স্থানীয় মাদ্রাসার শিক্ষক মাহাবুব হোসেন, স্থানীয় রউফ ও তিনিসহ আরও কয়েকজন বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদকে বাঘের ছবিটি দেখান।

“ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।“

বন কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, “হতেয়া এলাকায় চিতাবাঘের মত এক প্রাণীর দেখা মিলেছে বলে সজীবসহ বেশ কয়েকজন এলাকাবাসী আমাকে জানান। এ কারণে এলাকার লোকজনকে বেতবাগনে প্রবেশ নিষেধ এবং সর্তকতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।”