নাটোরে মাদক, জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন
অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছে এলাকাবাসী।
নাটোরের সিংড়া উপজেলায় মাদক ও জুয়া বন্ধে চিহ্নিতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে শুক্রবার সকাল ৮টায় সিংড়া-কলম আঞ্চলিক সড়কের চকসিংড়া মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী বলছেন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চকসিংড়া এলাকায় মাদকব্যবসা, সেবন ও জুয়া বেড়ে গেছে। এতে এলাকায় হরহামেশাই চুরি সংঘটিত হচ্ছে। এসব অপরাধ বন্ধে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী।
সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আবু জাফর সিদ্দিকী বলেন, সম্প্রতি রাতে চকসিংড়া কবরস্থান পাড়া ও শোলাকুড়া মহল্লার দুটি বাড়িতে চুরি হয়েছে। এ ছাড়া প্রায় সময়ই বাড়ি ও দোকান থেকে মোবাইল, টাকা ও ছাগল চুরির খবর পাওয়া যায়। এসব বন্ধে পুলিশকে আরও তৎপর হতে হবে।
মানববন্ধনে নাটোর জেলা আইনজীবী সহকারী সমিতি ও চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, ব্যবসায়ী মো. আব্দুল মন্নাফ, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম বক্তব্য দেন।
উপস্থিত ছিলেন দলিল লেখক মো. সুলতান আহমেদ, চকসিংড়ার আব্দুস সোবাহান, আবুল কালাম আজাদ, সুইন খাঁন, গোলাম রাব্বানী, আতাউর রহমান, শোলাকুড়া মহল্লার তাহের আলী, আব্দুল কুদ্দুস, সোহাগবাড়ি মহল্লার মোজাম্মেল হোসেন ও চকসিংড়া ছাত্র-যুব সংঘের সভাপতি আশিকুর রহমান স্বদেশ।
