লক্ষ্মীপুরে পর্নগ্রাফি মামলায় যুবকের ৫ বছরের সাজা
পাঁচ বছর সাজার পাশাপাশি মনিরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়; অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে।
লক্ষ্মীপুরে পর্নগ্রাফি মামলায় এক যুবককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন জানান।
দণ্ডিত মো. মনির হোসেন (৩১) কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলরেঞ্চ গ্রামের আবদুর রহিমের ছেলে। তিনি স্থানীয় চৌধুরী বাজারে মোবাইল ফোন মেরামত করতেন।
মামলার বরাতে পিপি জসিম বলেন, “স্থানীয় এক প্রবাসীর স্ত্রী চৌধুরী বাজারে মনিরের টেলিকমের দোকানে তার মোবাইল ফোন মেরামত করতে যান। এ সুযোগে মনির মোবাইল থেকে গৃহবধূ ও তার স্বামীর অন্তরঙ্গ কিছু ছবি কম্পিউটারে নিয়ে নেন।
“পরে মনির সেই ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূকে ভয়ভীতি দেখান। এমনকি বিভিন্ন সময় ওই গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন মনির। পরে সেগুলো মোবাইলে ধারণ করে গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেন।”
পিপি আরও বলেন, “এক পর্যায়ে মনির ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি অন্তরঙ্গ কিছু ভিডিও তার ব্যবহৃত ফেইসবুক ম্যাসেঞ্জার এবং আরও দুটি আইডি থেকে ওই গৃহবধূর স্বামী এবং তার বোনের ম্যাসেঞ্জারে পাঠান৷”
এ ঘটনায় ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ওই গৃহবধূ বাদী হয়ে মানিরের বিরুদ্ধে কমলনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন বলে জানান তিনি।
পরে অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করে আদালতে হস্তান্তর করে পুলিশ।
একই বছরের ৪ জুলাই মনিরকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন কমলনগর থানার এসআই মো. সফিকুল ইসলাম।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে পাঁচ বছরের সাজার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি জসিম।
