১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ৭ দেশের সামরিক প্রতিনিধির

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে তারা জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ৭ দেশের সামরিক প্রতিনিধির

সামরিক প্রতিনিধিদের স্ত্রী ও সন্তানরা পৃথকভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2023, 07:55 PM

Updated : 26 Feb 2023, 07:55 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাত দেশের আট জন সামরিক প্রতিনিধি। 

রোববার দুপুরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে তারা সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

পরে সমরিক কায়দায় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের প্রতি অভিবাদন জানান।  

এরপর পবিত্র ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধু, পঁচাত্তরের ১৫ অগাস্টের শহীদসহ মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

সাত দেশের সামরিক প্রতিনিধির মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল ডেমসি চেরিল সিনক্লেয়ার, ভারতের ব্রিগেডিয়ার জেনারেল মানমিত সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ রাফি, নেপালের ব্রিগেডিয়ার জেনারেল রোশান শমসের রানা, ফিলিস্তিনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুরস্কের কর্নেল এরদাল সাহিন।

এছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ গাজী উপস্থিত ছিলেন। 

পরে সামরিক প্রতিনিধিদের স্ত্রী ও সন্তানরা পৃথকভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে শ্রদ্ধা জানান। তারাও বঙ্গবন্ধুর জন্য প্রার্থনা করেন।

ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক সাত দেশের সামরিক প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লক্স ঘুরে দেখেন।   

শ্রদ্ধা নিবেদন শেষে ডিজিএফআই প্রধান মেজর জেনারেল হামিদুল হক সাংবাদিকদের বলেন, বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিদের নিয়ে আজ জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

সমাধি সৌধ পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবন পরিদর্শনে যাবেন বলে জানান ওই কর্মকর্তা। 

এর আগে দুপুর সাড়ে ১২টায় সাত দেশের আট জন সামরিক প্রতিনিধি টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিসৌধে পৌঁছালে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির তাদের স্বাগত জানান।