১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের উন্নয়নকে স্তব্ধ করতে চক্রান্ত করছে বিএনপি: লিটন

রাজশাহী নগরীর শাহ মখদুম থানা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মেয়র একথা বলেন।

দেশের উন্নয়নকে স্তব্ধ করতে চক্রান্ত করছে বিএনপি: লিটন

রাজশাহীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2022, 10:55 PM

Updated : 27 Nov 2022, 11:19 PM

বিএনপি দেশের উন্নয়নের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “বাংলাদেশে যখন উন্নয়ন দৃশ্যমান, দেশ দ্রুত উন্নয়নে এগিয়ে যাচ্ছে, সেই সময় দেশের উন্নয়নকে স্তব্ধ করার জন্য চক্রান্ত করছে বিএনপি। যারা বলছে, বাংলাদেশ শ্রীলংকা হবে, ডলার নেই, বাংলাদেশের আমদানি করার মতো অর্থ নেই, তারা মুর্খের স্বর্গে বাস করছে।”

বিএনপির ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে রোববার বিকেলে নগরীর শাহ মখদুম থানা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে খায়রুজ্জামান লিটন বলেন, “বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না। নির্বাচন হতে দেবে না। এটি বিএনপি ও তাদের সঙ্গে যারা আছে তাদের কথা। দেশটা কি বিএনপি-জামায়াতের বাপ-দাদার তালুক? তাদের কথায় চলবে? সংবিধান সংশোধন করা হয়েছে।”

“আদালত থেকে রায় এসেছে, আর কেয়ারটেকার সরকারের দরকার নেই। উন্নত বিশ্বে ভারত, ইংল্যান্ড ইত্যাদি দেশে ক্ষমতাসীন সরকার বহাল থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেইভাবে নির্বাচন হবে।”

নগরীর বিমান চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নওদাপাড়া বাজারে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশে শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি আখতারুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। সঞ্চালনা করেন শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন শাহু।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মীর ইশতিয়াক আহমেদ লিমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী।